ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি ও অনিয়মের অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের শিক্ষক, চিকিৎসকসহ বিভিন্ন পদে কর্মরত ৪১ জনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্নীতি ও অনিয়ম তদন্তে গঠিত স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় উপ-কমিটির সুপারিশের ভিত্তিতে এ পদক্ষেপ নেওয়া হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সংসদীয় কমিটির রিপোর্ট অনুযায়ী হাসপাতালের নিয়োগ ও পদোন্নতিতে অনিয়ম নিয়ে বিকেলে সিন্ডিকেটের সভা বসে। সভায় বিভিন্ন পদমর্যাদার ৪১ জনকে কারণ দর্শানোর নোটিশ ও সাময়িকভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।"
এই ৪১ জনের মধ্যে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, চিকিৎসকসহ বিভিন্ন পদে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী রয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এইচএ/২২০০ ঘ.
bdnews24