২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানুষ পোড়ানোর রাজনীতি' পরিহার করুন: প্রধানমন্ত্রী

অহেতুক হরতাল ডেকে 'মানুষ পোড়ানোর রাজনীতি' পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সংসদে এসে কথা বলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 01:04 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অহেতুক হরতাল ডেকে 'মানুষ পোড়ানোর রাজনীতি' পরিহার করে দেশ ও জাতির কল্যাণে সংসদে এসে কথা বলতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রোববার বিএনপির ডাকা হরতালের আগের রাতে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে একটি ট্যাক্সিতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এতে ফারুক ও সুমন নামে দুই ব্যক্তি মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন। বুধবার সকালে প্রধানমন্ত্রী অগ্নিদগ্ধ ফারুক ও সুমনকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, "ইস্যুবিহীন হরতালের নামে নিরীহ মানুষের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিয়ে তাদের জীবন ধ্বংস করা কোনো রাজনীতি হতে পারে না।" তিনি আহত ফারুক ও সুমনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। কিভাবে তাদের শরীরে আগুন লাগানো হয়েছে তারা প্রধানমন্ত্রীর কাছে বর্ণনা দেন। এ সময় ফারুকের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন। প্রধানমন্ত্রীও তখন অশ্র"সিক্ত হয়ে পড়েন। ফারুকের মা প্রধানমন্ত্রীকে বলেন,"আমার ছেলে কারো কোনো ক্ষতি করেনি। তাহলে দুর্বৃত্তরা তার শরীর কেন পুড়িয়ে দিল?" তাকে সান্ত্বনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, "সরকার আহতদের উন্নত চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে।" কর্তব্যরত চিকিৎকদের কাছে তিনি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সুস্থতা কামনা করেন। অগ্নিদগ্ধ দুজনকে আর্থিকভাবেও সহায়তা দেন প্রধানমন্ত্রী। আগুনে ফারুকের শরীরের প্রায় ৬০ ভাগ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নিমতলী অগ্নিকাণ্ডের ঘটনায় আহত কয়েকজনকে দেখতে যান প্রধানমন্ত্রী। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং সব ধরণের সহায়তার আশ্বাস দেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, পুলিশের আইজি নূর মোহাম্মদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমইউএস/এসএএ/এমএসবি/'১৮৫৯ ঘ.