২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০-১১ অর্থবছরের বাজেট পাস

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতে বুধবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 07:48 AM

Updated : 25 Aug 2022, 01:05 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতে বুধবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট পাস হয়েছে। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় এ বাজেটের আকার ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১০ জুন সংসদে ২০১০-১১ অর্থবছরের বাজেট প্রস্তাব পেশ করেন। এর আগে গত ২ জুন বাজেট অধিবেশন শুরু হয়। সেদিন বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন। ১ জুলাই (বৃহস্পতিবার) থেকে শুরু হবে নতুন অর্থবছর। প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে প্রায় ৩৮ ঘণ্টা ৪৪ মিনিট আলোচনা হয়। ২০৪ জন সাংসদ বাজেট আলোচনায় অংশ নেন। বাজেট আলোচনার সবশেষ বক্তা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনের প্রথম দিনের পর বিরোধী দল আর সংসদে না ফেরায় বাজেট আলোচনায় তাদের অংশগ্রহণ ছিলো না। মঙ্গলবার বাজেট আলোচনা শেষে অর্থ বিল-২০১০ সংসদে পাস হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনে এ বিলটি উত্থাপন করেন। বিরোধী দল সংসদে যোগ না দিলেও বিএনপির ১১ জন এ বিলটির ওপর জনমত যাচাইয়ের প্রস্তাব করেন। অধিবেশনে না থাকায় তাদের এসব প্রস্তাব সংসদে উপস্থাপিত হয়নি। এছাড়া সতন্ত্র সাংসদ ফজলুল আজিম ১৮টি সংশোধনী প্রস্তাব দিলেও তা কণ্ঠভোটে নাকচ হয়। পরে পাস হয় অর্থ বিল। এর আগে অধিবেশনের শুরুতে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অলি আহমেদ পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল-২০১০ সম্পর্কে কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এজে/১৩৪৭ ঘ.