২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০১০-১১ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া শুরু

প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে বুধবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:57 AM

Updated : 25 Aug 2022, 01:06 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম))- প্রধান বিরোধী দল বিএনপির অনুপস্থিতিতে বুধবার জাতীয় সংসদে ২০১০-১১ অর্থবছরের জাতীয় বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এজন্য স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বেলা ১১টায় সংসদ অধিবেশন বসেছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা সংসদে রয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় বাজেট এটি। ১ জুলাই (বৃহস্পতিবার) শুরু হবে নতুন অর্থবছর। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ১০ জুন ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটের ওপর ৫৩টি দাবি ও কয়েকশ ছাঁটাই প্রস্তাব নিষ্পত্তির প্রক্রিয়া চলছে। নিষ্পত্তি শেষে প্রস্তাবিত বাজেট ভোটের মাধ্যমে পাস করা হবে। এরপর দিনের কার্যসূচি অনুযায়ী অর্থমন্ত্রী ব্যয় বরাদ্দ সম্বলিত 'নির্দিষ্টকরণ আইন ২০১০' সংসদে উত্থাপন করবেন। জাতীয় সংসদে এই বাজেট অধিবেশন শুরু হয় গত ২ জুন। সেদিন বিএনপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত হয়েছিলেন। এরপর আর তারা সংসদে ফেরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/১১৫২ ঘ.