ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর তিন শীর্ষ নেতা নিজামী-মুজাহিদ-সাঈদীকে গ্রেপ্তার করায় সরকারকে অভিনন্দন জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উদ্যোগে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে টিএসসি সড়কদ্বীপ থেকে এ মিছিল বের হয়। ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি রাজু ভাস্কর্যের পাদদেশে এসে শেষ হয়।
এর পর আয়োজিত এক সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "আজকের এই ক্ষণটির জন্য জাতি স্বাধীনতার পর থেকে অধীর আগ্রহে অপেক্ষা করেছে। অসংখ্য মানুষ চোখের জল ফেলে ইতিহাসের এই জঘন্য নরঘাতকদের বিচার প্রার্থনা করেছে।"
ছাত্রলীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয়।
সমাবেশে ছাত্রলীগ নেতারা যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতাদের গ্রেপ্তার দেখানোর দাবি জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি শেখ সোহেল রানা টিপু, সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা প্রমুখ।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও নায়েবে আমির মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীকে মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
গত ১৭ মার্চ মগবাজারে আল ফালাহ মিলনায়তনে ছাত্র শিবিরের এক সভায় নিজামীকে মহানবী হযরত মুহম্মদ (সা.) এর সঙ্গে তুলনা করে বক্তব্য দেওয়ার অভিযোগে মামলা করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী। এ মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএনএ/২১৩২ ঘ.
bdnews24