২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিভিন্ন স্থানে জামায়াতের বিক্ষোভ, আটক ৪৭

জামায়াতে ইসলামীর আমিরসহ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 03:05 PM

Updated : 25 Aug 2022, 01:00 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর আমিরসহ তিন নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফরিদপুরসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। সিলেট বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাংচুর করেছে। বিক্ষোভকারীদের ছোড়া ইটপাটকেলে আহত হয়েছে দুই পুলিশ। রংপুরে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ১৫ জন। চট্টগ্রামে দুটি গাড়ি ভাংচুর এবং কয়েকটি দোকানে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা। বিক্ষোভের সময় দলটির অন্তত ৪৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানান। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলায় মঙ্গলবার বিকালে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও নায়েবে আমির দেলোয়ার হোসাইন সাঈদীকে গ্রেপ্তার করা হয়। প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: নগরীর বাকলিয়া ও হাটহাজারী উপজেলা থেকে জামায়াত শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার সন্ধ্যা সোয়া সাতটায় বাকলিয়ার আমান আলী রোড থেকে এদের গ্রেপ্তার করা হয়। বাকলিয়া থানার ওসি মো. মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল বের করার জন্য জড়ো হলে এদের আটক করা হয়। এরা হলেন-শিবিরকর্মী ইফতেখার আলম, রায়হান কায়সার ও জামায়াতকর্মী মো. শরীফ। অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরের দেওয়ানবাজারে জামায়াত কার্যালয়, চন্দনপুর শিবিরের মহানগর কার্যালয় ও জামায়ত শিবিরের শক্ত ঘাঁটি বলে পরিচিত আন্দরকিল্লার জামে মসজিদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বন্দর থানার টহল পরিদর্শক শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইজিজেড এলাকায় কয়েকজন যুবক একটি ট্রাক ও একটি বাস ভাংচুর করেছে। তারা সড়কের পাশের কয়েকটি আমের দোকানেও আগুন দেয়। এরা জামায়াত-শিবিরের কর্মী কিনা সেটা তিনি জানাননি। হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন সেলিম জানান, উপজেলা সদরের বাজার এলাকায় মিছিল করার চেষ্টা করলে জামায়াত শিবিরের দুজনকে আটক করা হয়। এরা হলেন- উপজেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম ও শিবিরকর্মী রবিউল ইসলাম। পুলিশের হাটহাজারী সার্কেলের সহকারী সুপারিনটেনডেন্ট বাবুল আক্তার জানান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সিলেট: রাতে সিলেটের তিনটি গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে জামায়াতকর্মীরা। সড়ক অবরোধকালে নগরীর মদিনা মার্কেট এলাকায় পুলিশের সঙ্গে জামায়াতকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ক্ষুব্ধ জামায়াতকর্মীরা পুলিশের পিকআপ ভ্যান ভাংচুর করে। জামায়াত কর্মীদের ছোড়া ইট-পাটকেলে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এরা হলেন- উপপরিদর্শক ডালিম ও কনস্টেবল মুজিবুর। তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আখতার হোসেন জানান, পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে জামায়াত কর্মী ও মদিন মার্কেট ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক গাজী নাসিরসহ চারজনকে আটক করেছে। সন্ধ্যার পর দক্ষিণ সুরমার চণ্ডিপুলে জামায়াত কর্মীরা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বলে জানিয়েছেন এসআই পলাশ চন্দ্র মণ্ডল। রাত পৌনে ৮টা থেকে সিলেট-তামালবিল সড়ক অবরোধ করে জামায়াতকর্মীরা। সড়কের শাহপরান এলাকায় অবস্থান নিয়ে এবং টায়ার জ্বালিয়ে তারা প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। রাজশাহী: পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও বিশৃঙ্খলা রোধে রাজশাহী মহানগরীতে সতর্কতা জারি করেছে মহানগর পুলিশ। নগরীর গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নগরীতে পুলিশী টহলও বাড়ানো হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার নওশের আলী রাতে সাংবাদিকদের বলেন, রাজশাহীতে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছে। নগরীতে প্রবেশের সকল পথ ও বহির্গমনের পথগুলিতে তল্লাশি কেন্দ্র স্থাপন করা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ও আশেপাশের এলাকায় ব্যাপক সতর্কতা অবলম্বরের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। নগরীর হেতেম খাঁ, দোশর মণ্ডলের মোড়, টিটি কলেজ, বিনোদপুর, নওদাপাড়া, গৌরহাঙ্গা রেলগেটসহ ১২টি পয়েন্ট চিহিৃত করে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে। সাহেব বাজার জিরো পয়েন্টেও সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। নগরীতে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। রাত সোয়া ৮টার দিকে নগরীর সোনাদিঘীর মোড় থেকে ঝটিকা মিছিলটি বের হয়। বরিশাল: নগরীর লঞ্চঘাট মসজিদ থেকে মাগরিবের পর জামায়াতের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পোর্ট রোড ব্রিজ এলাকায় এসে পুলিশের ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে রাত ৮টার দিকে ফকির বাড়ি রোড থেকে আব্দুল আউয়াল নামে জামায়াতের এক নেতাকে আটক করে পুলিশ। কোতয়ালি মডেল থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অনুমতি ছাড়া মিছিল করার অভিযোগে জামায়াতের এই নেতাকে আটক করা হয়েছে। তবে আউয়াল জামায়াতের কোন পর্যায়ে নেতা সেটা জানাতে পারেননি ওসি। সাতক্ষীরা: কলারোয়া উপজেলা বাজার থেকে জামায়াত ও শিবিরের আট নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরা হলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি ইমান আলী শেখ (৫৫), জামায়াত নেতা আশরাফুর রহমান বিপু, আসাদুজ্জামান, মকবুল হোসেন, এরশাদ আলী, শাহ জালালী, সাইফুল ইসলাম এবং কলারোয়া উপজেলা শিবিরের সাধারণ সম্পাদক আতিকুর রহমান। কলারোয়া থানার ওসি এনামুল হক জানান, কলারোয়া বাজারে সাতক্ষীরা-যশোর মহাসড়কে রাত ৯টার দিকে গাছ ফেলে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তারা মিছিল-মিটিং করার প্রস্তুতি নিচ্ছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বান্দরবান: মাগরিবের নামাজের পর শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি জেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করার সময় মাদ্রাসা শপিং কমপ্লেক্সের সামনে পুলিশ লাঠিচার্জ করে। এ সময় মো. হোসেন নামে দলটির এক কর্মীকে আটক করা হয় বলে জানিয়েছেন সদর থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই রাজেশ বড়