খুলনা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন রুনু রেজা।
গত বছরের ১১ জুলাই এই ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা শহীদ ইকবাল বিথার সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়। রুনু বিথারের স্ত্রী।
মঙ্গলবার এই শূন্য পদে উপনির্বাচন হয়। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩টি ভোট কেন্দ্রে ভোট নেওয়া হয়।
খুলনা বিভাগীয় নির্বাচন কর্মকর্তা বিভোর কুমার বিশ্বাস রাত পৌনে ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত রুন রেজা পানপাতা প্রতীকে ৫ হাজার ১৭৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এই ওয়ার্ডের বিএনপি সভাপতি শমসের আলী মিন্টু মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ১৭৭ ভোট।
এ ছাড়াও স্বতন্ত্র প্রার্থী আবু আরিফ টিটো পেয়েছেন ৩ হাজার ৩৯৪ ভোট এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী এইচ এম কামরুল ইসলাম ১ হাজার ৮৮ ভোট পেয়েছেন।
নির্বাচন কর্মকর্তা জানান, ২৩ হাজার ৭৫২জন ভোটারের মধ্যে ১৩ হাজার ২০৬ জন ভোট দিয়েছেন।
সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ভোটারদের উপস্থিতি ছিল কম।
বেলা সাড়ে ১১ টার দিকে নগরীর কেডিএ এভিনিউয়ের বাংলাদেশ ব্যাংক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে বিএনপি সমর্থিত প্রার্থী শমসের আলী মিন্টুর সমর্থকদের ওপর হামলা চালায় রুনু রেজার সমর্থকরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দুপুর ১টার দিকে মুসলমান পাড়া এলাকায় রুনু রেজার সমর্থকরা অপর প্রার্থী শেখ আবু আরিফ টিটোর সমর্থক সেকেন্দার শেখের ওপর হামলা চালিয়ে আহত করে।
এসব অভিযোগ অস্বীকার করে রুনু রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সমর্থকরা কাউকে মারধর বা টেন্ট ভাংচুর করেনি।"
এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি মুনীর-উল-গীয়াস বলেন, ছোট খাট দু'একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তবে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেওয়ায় তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০৪৪ ঘ.
bdnews24