২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় কোরীয় নাগরিকসহ নিহত ২

বগুড়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কোরিয়ার একজন নাগরিকসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 01:15 PM

Updated : 25 Aug 2022, 01:01 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া ও নওগাঁয় সড়ক দুর্ঘটনায় কোরিয়ার একজন নাগরিকসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে তিনজন। মঙ্গলবার সকালে বগুড়ার শিবগঞ্জে এবং নওগাঁর মহাদেবপুর উপজেলায় এই দুটি দুর্ঘটনা ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, বগুড়া-রংপুর মহাসড়কে শিবগঞ্জের দিঘলকান্দীতে একটি পাজেরো জিপের সঙ্গে বাসের সংঘর্ষে কোরিয়ার এক নাগরিক নিহত হন। আহত হন আরো তিন কোরীয় নাগরিক। নিহতের নাম- লিথ জং (৪০)। আহতরা হলেন- লি চোং চো, সু জুং ও অং জাং গু। এরা দিনাজপুরের মধ্যপাড়া কঠিন শিলা খনি থেকে পাজেরোতে করে ঢাকায় যাচ্ছিলেন বলেন শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিঘলকান্দিতে রংপুরমুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পাজেরোর চার আরোহী আহত হন। পরে পুলিশ ও এলাকাবাসী আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় লিথ জং মারা যান। বাসটি আটক করা হয়েছে জানান ওসি। নওগাঁ প্রতিনিধি জানান, মহাদেবপুর উপজেলার নওগাঁ-মহাদেবপুর সড়কের সরস্বতীপুর এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যানের চাপায় নিরঞ্জন কুমার (২০) নামে এক যুবক নিহত হন। তার বাড়ি নওগাঁ সদর উপজেলার কিশমত কশবা গ্রামে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে বলে মহাদেবপুর থানার ওসি নূর ইসলাম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপ ভ্যানটি মহাদেবপুরের নজিপুর থেকে রংপুর যাচ্ছিলো। সড়ক অবরোধের কারণে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে ওসি জানান।। তিনি জানান, পুলিশ পিকআপ ও তার চালক রফিকুল ইসলামকে আটক করেছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৯০৯ ঘ.