ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন রমজানে বাজারে চালের দাম নিয়ন্ত্রণে এবং সাধারণ মানুষের কাছে কম দামে চাল সরবরাহ নিশ্চিত করতে শিগগিরই খোলা বাজারে চাল বিক্রির (ওএমএস) কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটির সুপারিশের ভিত্তিতে খাদ্য মন্ত্রণালয় এ ব্যাপারে প্রস্তুতি শুরু করেছে।
আগামী ১ জুলাই খাদ্য পরিধারণ ও পরীবিক্ষণ কমিটির সভায় ওএমএস'র চালের মূল্য এবং বিতরণের কৌশল নির্ধারণ হবে।
বাজেট নিয়ে অর্থমন্ত্রীর ব্যস্ততার কারণে এ সভা বিলম্বিত হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত খাদ্য সচিব বরুণ দেব (বিডি) মিত্র।
বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে দ্রব্যমূল্য সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় মনিটরিং কমিটি গত ২১ জুন সভা করে চালের মূল্য বৃদ্ধির সুনির্দিষ্ট কিছু কারণ চিহ্নিত করে। এসব কারণ এবং চালের মূল্য নিয়ন্ত্রণের কৌশল উল্লেখ করে খাদ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।
ওই কমিটির সভায় চালের দাম বাড়ার কারণ হিসেবে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিয়ে চাল কিনে অবৈধভাবে মজুদ করার দায়ে কয়েকজন চালকল মালিক এবং চাল ব্যবসায়ীকে দোষী হিসেবে অভিযুক্ত করা হয়।
কমিটির সদস্যরা এসব চিহ্নিত চালকল মালিক-ব্যবসায়ীদের এ ধরনের ঋণ দেওয়া বন্ধ করতে বাংলাদেশ ব্যাংককে কার্যকর পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করেন।
বরুণ দেব মিত্র জানান, কমিটি ওএমএস চালু করতে চিঠি দিয়েছে। তাদের চিঠির ওপর ভিত্তি করেই বাজার নিয়ন্ত্রণে রমজানের আগে ওএমএস চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।
ওই চিঠিতে বলা হয়, বাজারে চালের দাম ক্রমাগত বাড়ছে। তা নিয়ন্ত্রণে ওএমএস চালু করা প্রয়োজন। যাতে মানুষ রমজানে কম দামে চাল কিনতে পারে, সেজন্য সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বরুণ দেব মিত্র বলেন, আগামী ১ জুলাই খাদ্য পরিধারণ ও পরীবিক্ষণ কমিটির সভায় ওএমএস'র চালের মূল্য এবং বিতরণের কৌশল নির্ধারণ হবে। সভায় দেশে খাদ্যশস্যের বর্তমান মজুদ, ভবিষ্যৎ আমদানি ও অভ্যন্তরীণ উৎস থেকে কী পরিমাণ চাল সংগ্রহ করা যাবে তা নিয়েও আলোচনা করা হবে।
খাদ্য সচিব জানান, অভ্যন্তরীণ সংগ্রহের পাশাপাশি সরকার আবারো ভারত থেকে চার লাখ টন গম এবং এক লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। চাল ও গম আমদানির বিষয়টি চূড়ান্ত করতে আগামী ১ জুলাই খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ভারত যাচ্ছে।
তিনি আরো জানান, চলতি বছরের শুরুর দিকে রাশিয়া সাশ্রয়ী (প্রতিটন ২১৯ ডলার) মূল্যে তিন লাখ মেট্রিক টন গম বাংলাদেশকে দিতে চেয়েছিল। কিন্তু মার্চ থেকে সেখানে গমের দাম বেড়ে যাওয়ায় তারা তা দেয়নি। রাশিয়া কোনো সাড়া না দেওয়ায় সরকার বিকল্প ব্যবস্থায় মজুদ বাড়াবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এইচএ/১৮৪৯ ঘ.
bdnews24