২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে ১৪ বিডিআর সদস্যের উপস্থিতিতে সাক্ষ্য

বিদ্রোহের মামলায় সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ বিডিআর সদস্যের উপস্থিতিতে বিশেষ আদালতে মঙ্গলবার সাক্ষ্য ও যুক্তিতর্ক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2010, 06:39 AM

Updated : 25 Aug 2022, 01:02 PM

সিলেট, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় সুনামগঞ্জের ৮ রাইফেলস ব্যাটালিয়নের ১৪ বিডিআর সদস্যের উপস্থিতিতে বিশেষ আদালতে মঙ্গলবার সাক্ষ্য ও যুক্তিতর্ক হয়। সোমবার এই আদালতে ১৪ বিডিআর সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সিলেট বিডিআর সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-৩ এর কার্যক্রম সকাল সাড়ে ৮টায় শুরু হয়। আদালতে সভাপতিত্ব করছেন বিডিআরের নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম। অভিযোগ গঠনের সময় সোমবার ১৪ জন আসামি আদালতে তাদেরকে নির্দোষ দাবি করেন। অভিযুক্তরা হচ্ছে- সুবেদার মেজর গৌরাঙ্গ চন্দ্র দাস, নায়েক সুবেদার আবুল হোসেন, হাবিলদার আব্দুল জলিল, বদিউল আলম, মো. মনিরুজ্জামান, নায়েক হারুন আর রশীদ, ল্যান্স নায়েক হীরু উল্লাহ খান, নায়েক সহকারী আব্দুল ওয়াহিদ, ল্যান্স নায়েক আব্দুর রহিম, বিপ্লব কুমার পন্ডিত, ওমর ফারুক, সিপাহী মনিরুজ্জামান শেখ, সুমন মারমা, তরিকুল ইসলাম। বিচারে সহযোগিতা করছেন অ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সেলিম, লেফটেন্যান্ট কর্ণেল আখতারুজজ্জামান ও মেজর মো. মাকসুদুল আলম। আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য 'ফ্রেন্ড অব দ্য একিউজড' হিসেবে সহযোগিতার দায়িত্বে রয়েছেন মেজর মো. সাইফুল ওয়াদুদ। গত ২ এপ্রিল এ আদালতে ৮ রাইফেলস ব্যাটালিয়নের বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ শুরু হয়। গত বছর ২৫ ফেব্র"য়ারি রাজধানীর বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা ঘটে। এতে বিডিআর-এ নিযুক্ত ৫৭ সেনা কর্মকর্তা নিহত হন। পরদিন সিলেট, ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, ঠাকুরগাঁও, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন ব্যাটালিয়ন ও সেক্টরে বেশ কিছু জওয়ান বিদ্রোহের সঙ্গে একাত্মতা প্রকাশ করে। বিডিআর বিদ্রোহের বিচারে গত বছর ১৫ নভেম্বর সরকার ঢাকায় দুটিসহ ছয়টি বিশেষ আদালত গঠন করে। এসব আদালতে প্রায় সাড়ে তিন হাজার বিডিআর সদস্যের বিচার হচ্ছে। এর মধ্যে ফেনী, সাতক্ষীরা, রাঙামাটি, পঞ্চগড়, ঠাকুগাঁওয়ে বেশ কিছু বিডিআর সদস্যের সর্বোচ্চ সাত বছরসহ বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১২৩২ ঘ.