কক্সবাজার, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে পুলিশের পিটুনিতে দৈনিক যায়যায়দিন ও দৈনিক আজাদীর স্থানীয় প্রতিনিধি আহমদ গিয়াস আহত হয়েছেন।
তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকালে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ছবি তুলতে গিয়ে তিনি হামলার শিকার হন।
এই ঘটনায় স্থানীয় সাংবাদিকরা শহরে মিছিল ও সমাবেশ করেছেন।
ঘটনায় জড়িত অভিযোগে মোহাম্মদ সোহেল নামে এক পুলিশ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়।
আহমদ গিয়াস জানিয়েছেন, সারাদেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ কর্মসূচি উপলক্ষে দুপুরে অর্ধশতাধিক পুলিশ জেলা বিএনপি কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
তাদের অবস্থানের ছবি তুলতে গেলে ৮/১০ জন পুলিশ তাকে বিএনপি কার্যালয়ে ঢুকিয়ে বেধড়ক মারধর করে।
পরে বিএনপি নেতাকর্মী ও পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি বদিউল আলম জানান, ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শহরে মৌন প্রতিবাদ মিছিল করেছেন।
এরপর পৌরসভা গেইটের সামনে একটি বিক্ষোভ সমাবেশ করেন।
বদিউল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবর রহমান, প্রবীণ সাংবাদিক এস এম আমিনুল হক চৌধুরী, দৈনিক হিমছড়ি সম্পাদক শামসুল হক শারেক, দৈনিক বাঁকখালীর ভারপ্রাপ্ত সম্পাদক জি এ এম আশেক উল্লাহ ও দৈনিক রূপসী গ্রামের নির্বাহী সম্পাদক মুহাম্মদ আলী জিন্নাত।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট নুরে আলম মিনা এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৫ ঘ.
bdnews24