২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ চোরাই অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৪

ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ২১টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 02:34 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ২১টি চোরাই সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ছিনতাইকারী দলের প্রধান মো. শহিদ ওরফে কানা শহিদসহ চারজনকে। রোববার কানা শহিদকে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী অটোরিকশাগুলো উদ্ধার এবং তার তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রেপ্তার করা শহিদের তিন সহযোগী হলেন- মো. মকুল ভূঞা ওরফে কবির (৪৫), মো. দুলাল (৩২) ও মো. মিন্টু ওরফে নোয়াখাইল্যা মিন্টু (৩০)। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মো. ওয়াজেদ আলী নামে এক অটোরিকশা মালিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুল ইসলাম'র নেতৃত্বে একটি দল প্রথমে কানা শহিদকে গ্রেপ্তার করে। পরে ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে অন্যদের গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ি টাঙ্গাইলের মির্জাপুর থানা এলাকা থেকে দুটি, কিশোরগঞ্জের ভৈরব থেকে দুটি, ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে নয়টি ও রাজধানী শ্যামপুর থানাধীন জুরাইন থেকে আটটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা পুলিশকে বলেছেন- তারা কেউ কেউ সিএনজি অটোরিকশাচালকের চাকরি নিয়ে অটোরিকশা চুরি করেন। কেউ আবার যাত্রী হিসাবে ভাড়া নিয়ে গাড়িচালকদের কৌশলে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গাড়ি ছিনতাই করেন। পরে মোবাইল ফোনে যোগাযোগ করে মালিকদের কাছে ৫০ থেকে ৭০ হাজার টাকা নিয়ে গাড়ি ফেরত দিয়ে থাকেন। মালিকদের সঙ্গে টাকা নিয়ে সমঝোতা না হলে ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই অটোরিকশা বিক্রি করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএসবি/২০২৭ ঘ.