২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামীউল হত্যার সহযোগী মা!

রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউলের সন্দেহভাজন হত্যাকারী সামসুজ্জামান আরিফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছেন, এ সময় শিশুটির মা আয়শা হুমায়রা তাকে সহায়তা করেছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 12:07 PM

Updated : 25 Aug 2022, 12:57 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আদাবরে ছয় বছরের শিশু সামীউলের সন্দেহভাজন হত্যাকারী সামসুজ্জামান আরিফ হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বলেছেন, এ সময় শিশুটির মা আয়শা হুমায়রা তাকে সহায়তা করেছিল। রোববার রাতে গ্রেপ্তার আরিফ (৩৯) বলেন, "হত্যার সময় সামীউলের মা আয়শা তার পা চেপে ধরেছিল।" যদিও আয়শা (৩২) পুলিশের কাছে সামীউলকে হত্যার জন্যে তার 'প্রেমিক' আরিফকে দায়ী করেছিলেন। র‌্যাব সোমবার সাংবাদিকদের সামনে আরিফকে হাজির করলে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেন। রোববার রাতে র‌্যাবের একটি গোয়েন্দা দল আরিফ ও তার ভাই নুরুজ্জামানকে গ্রেপ্তার করে। সকালে র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল আহসান কিশোরগঞ্জ থেকে তাদেরকে গ্রেপ্তারের কথা জানান। পরে র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীপুরের টঙ্গি থেকে আরিফ ও ঢাকার বাড্ডার নতুন বাজার এলাকা থেকে নুরুজ্জামানকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব কার্যালয়ে আরিফ সেদিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন, "গত ১৯ তারিখ সন্ধ্যায় আমি আদাবরে সামীউলদের বাসায় যাই। রাতে এশার (আয়শা) স্বামী আসার আগে আমি ছাদে চলে যাই। মধ্যরাতের দিকে এশা মোবাইল ফোনে স্বামী ঘুমিয়ে পড়েছে জানালে আবার বাসাটিতে ঢুকি।" আরিফ জানান, এ সময় এশা সামিউলের কথা জানিয়ে বলে-"ছেলেটা বাড়াবাড়ি করছে। বাবাকে বলে দেবে বলে আমাকে ব্লাকমেইল করছে। "ওকে মেরে ফেলার কথা বললে এশা তাতে রাজি হয়ে বলে-সেটাই ভালো হবে। এরপর আমি সামীউলের গলা চেপে ধরি। আয়শা পা চেপে ধরে। গলা চাপায় মৃত্যু না হওয়ায় মুখে বালিশ চাপা দিয়ে ধরি।" আরিফ আরো বলেন, "এরপর আমি ছাদে চলে যাই। পরদিন রাতে সেখান থেকে চলে আসি। আমার ধারণা, এশা লাশটি ফ্রিজে ভরে রাখে এবং সুবিধাজনক সময়ে রাস্তার পাশে ফেলে আসে।" গ্রেপ্তারকৃত দুইভাইকে তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মো. সোহায়েল। এদিকে রোববার রাতে আরিফের স্ত্রী নাদিয়া আক্তার সাথীকে (২৮) আটক করেছে আদাবর থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক কাজী সাহান হক। বৃহস্পতিবার সকালে আদাবরের নবোদয় হাউজিং লিমিটেডের একটি খালি প্লট থেকে মোহাম্মদপুরের গ্রিন উডস স্কুলের নার্সারির ছাত্র সামীউল আজমের বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে পুলিশ। শিশুটির বাবা কে এম আজিজ বাদী হয়ে তার স্ত্রী আয়শা ও তার প্রেমিক সামসুজ্জামান আরিফকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেদিনই শিশুটির মা আয়শা হুমায়রাকে গ্রেপ্তার করা হয়। এর আগে আজিজ ২২ জুন সামিউলকে খুঁজে পাওয়া যাচ্ছে না জানিয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়রি করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এজে/কেএমএস/এসএএ/১৭৫৮ঘ.