চট্টগ্রাম, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর আইসফ্যাক্টরি রোডে কর্ণফুলী পেপার মিলের গুদামে অগ্নিকাণ্ড ঘটে।
ওই গুদামে রাখা দুটি প্রতিষ্ঠানের বিভিন্ন রাসায়নিক পদার্থ ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইস ফ্যাক্টরি রোডে কর্ণফুলী পেপার মিলের ভাড়া দেওয়া গুদামে ভোর ৫ টার দিকে আগুন লাগে। দ্রুত তা গুদামের বিভিন্ন মালামালে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০ টি গাড়ি দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
জসিম উদ্দিন বলেন, "আগুনে গুদামের দুটি প্রতিষ্ঠানের প্লাস্টিকের দরোজা, প্লাইউড, চক পাউডার, হাইড্রোঅক্সাইডসহ বিভিন্ন রাসায়নিক পদার্থ পুড়ে গেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/কেএমএস/১৭৪০ ঘ.
bdnews24