২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে দুটি বাসের সংঘর্ষে ৩০ জন আহত

মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2010, 10:33 AM

Updated : 25 Aug 2022, 12:58 PM

মানিকগঞ্জ, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে মহাসড়কের মুলজান এলাকায় ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী দিগন্ত পরিবহনের অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। সদর থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্ঘটনায় উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়। স্থানীয়দের সহায়তায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।" দুর্ঘটনার পরপরই বাস দুটি সরানো সম্ভব না হওয়ায় রাস্তার উভয় পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে। বৃষ্টির মধ্যে দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সড়ক জনপদের রেকার দিয়ে দুপুর ১টার দিকে বাস দুটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে। আহতদের মধ্যে তমা (৩০), রুমা (২০), মিনা (৩৫), মফিজ উদ্দিন (৪০), মজনু (৩০), পারভীন আক্তার (১৮), সাফিয়া (৪০) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে- মহিদুল ইসলাম (৩৫), ইমতিয়াজ (৪০), বাবুল (৩০), নবু খা (৪২), শহর আলী (৩৮), উজ্জল (৩০), সাহিদা (২৫), মন্টু (৩২), শাহজাহান (৩৫), রবীন্দ্রনাথ (২৬), মজিবর (৪০), শেফালী (৪০), কোরবান আলী (৫০) ও বিপুল (৩০)। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মানিকগঞ্জের পুলিশ সুপার মো. মাসুদ করিম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬৩০ঘ.