চাঁদপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র ডাকা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে রোববার চাঁদপুরে বিএনপির ১৮ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বেলা ১২টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে পিকেটিংকালে এদের আটক করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনির আহমেদ সাংবাদিকদের বলেন, "বাবুরহাট এলাকায় কুমিল্লা-চাঁদপুর সড়কে টায়ার জ্বালিয়ে এবং রাস্তায় ব্যারিকেড দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় এদের আটক করা হয়।"
আটককৃতরা হলেন-নাজমুল হোসেন, আলম ফারুক, এস এম মফিজুল ইসলাম, সুমন খাঁ, মাহবুব এলাহী, মো. রাসেল, মো. মহসিন গাজী, মো. আব্দুল মালেক, তৌহিদুল ইসলাম. মো. আব্দুল কাদের মজুমদার, জুয়েল, মেহেদী হাসান, মোরশেদ তালুকদার, সবুজ, মিজানুর রহমান মানিক মাল, মো. আবুল হোসেন গাজী, কবির হোসেন গাজী, আইনুল হোসেন ও বাবুরহাট বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক দুলাল মাল।
পরে দুলাল মালকে ছেড়ে দেয় পুলিশ ।
ওদিকে হরতালে পক্ষে বিএনপি ও ছাত্রদল শহরে পৃথক মিছিল বের করলেও চারদলীয় জোটের অন্যতম শরীক জামায়াত ইসলামীকে মিছিলে অংশগ্রহণ করতে দেখা যায়নি।
হরতালে শহরে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন চলাচল করেনি।
এছাড়া চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে লঞ্চ ও ট্রেন চলাচল করছে।
হরতাল চলাকালে চাঁদপুর শহরের বিভিন্ন সড়কে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চাঁদপুর লঞ্চ ঘাটের পরিবহন পরিদর্শক (টিআই) ওয়াহিদুর রহমান জানান, বেলা পৌনে ১১টায় চাঁদপুর থেকে বোগদাদীয়া-৬ নামের লঞ্চটি ঢাকার উদ্দেশে এবং নারায়ণগঞ্জের উদ্দেশে ৫টি যাত্রীবাহী লঞ্চ ছেড়ে ছেড়ে যায়।
চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার পিতু রঞ্জন ভূঁইয়া বলেন, ভোর ৫টায় মেঘনা নামের যাত্রীবাহী একটি ট্রেন চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে এবং সকাল ৭টায় লাকসামের উদ্দেশে ১৭১ লোকাল ট্রেন ছেড়ে যায়।
এছাড়া লাকসাম থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন বেলা পৌনে ১১টায় চাঁদপুর এসে পৌঁছেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এআরআর/আরএ/
bdnews24