ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম হলিক্রস আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা ২০১০ এ চ্যাম্পিয়ন হয়েছে স্পন্দন মাদ্রাসা ডিবেটিং সোসাইটি। রানার আপ হয়েছে গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব (হেরাল্ড)।
শনিবার সন্ধ্যায় হলিক্রস স্কুল মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন হলিক্রস স্কুল ডিবেটিং ক্লাবের মডারেটর রোকেয়া বেগম।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার শিক্ষার্থী লিয়াকত হোসেন লিখন। এ ছাড়া বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছেন ওয়াইডব্লউসিএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রমিতা রাণী মণ্ডল।
এছাড়া রানার আপ-১ সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শেখ রাফিদ এবং রানার আপ-২ হয়েছে ওয়াইডব্লউসিএ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসকিয়া তাহের ঐশী।
দুই দিনের এই প্রতিযোগিতা শেষে শনিবার বিকাল সোয়া পাঁচটায় শুরু হয় চূড়ান্ত পর্ব। এর আগে শুক্রবার প্রথম তিনটি পর্বের বিতর্ক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় কোয়ার্টার ফাইনাল, বেলা ১২টায় বিতর্ক বিষয়ক কর্মশালা, দুপুর ২টায় সেমি ফাইনাল এবং বিকাল ৪টায় অনুষ্ঠিত হয় বারোয়ারি বিতর্ক।
বিতর্কের বারোয়ারি পর্বে সভাপতিত্ব করেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান। চূড়ান্ত পর্বে স্পিকারের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি এমএম ফজলুর রহমান।
বিতর্ক শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার মেরিয়ান ট্রিজা।
'যুক্তির শুদ্ধ বিকাশ, সংস্কৃতির শুভ্র চেতনা, হোক নতুন পথ চলার অনুপ্রেরণা'
bdnews24