২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সদরঘাট পরিচালনা করবে নিবন্ধিত শ্রমিকরা

হয়রানি, ব্যাগ টানা ও জুতা চোর চক্র থেকে যাত্রীদের রক্ষা, ঘাটে অবৈধ দোকান বসিয়ে টাকা তোলা বন্ধ এবং ইজারাদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে জটিলতা দূর করতে ঢাকা সদরঘাটের ইজারা প্রথা বাতিল করা হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 12:49 PM

মহসীনুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হয়রানি, ব্যাগ টানা ও জুতা চোর চক্র থেকে যাত্রীদের রক্ষা, ঘাটে অবৈধ দোকান বসিয়ে টাকা তোলা বন্ধ এবং ইজারাদারদের কাছ থেকে বকেয়া টাকা আদায়ে জটিলতা দূর করতে ঢাকা সদরঘাটের ইজারা প্রথা বাতিল করা হচ্ছে। ইজারা প্রথার বদলে আগামী ১ জুলাই থেকে এ ঘাটে নতুন পদ্ধতি কার্যকর করা হবে। নতুন পদ্ধতি অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) তাদের সাথে নিবন্ধিত শ্রমিকদের দিয়ে ঘাটটি পরিচালনা করবে। এ জন্য ঘাটে কর্মরত কুলি ও শ্রমিকদের মধ্যে ১০০ থেকে ১৫০ জন শ্রমিককে বাছাই করে নিবন্ধণের প্রক্রিয়া শুরু করেছে বিআইডব্লিউটিএ। কেবলমাত্র নিবন্ধিত এসব শ্রমিকই সদরঘাটে কাজ করতে পারবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি জানান, পুরান ঢাকার তিনটি ঘাটের মধ্যে কেবল সদরঘাটই যাত্রী পারাপার কাজে ব্যবহৃত হয়। এ ঘাটটি বছরে দুই থেকে সাড়ে তিন কোটি টাকায় ইজারা দেওয়া হয়। শাহজাহান খান বলেন, "প্রতি বছরই ইজারার টাকা আদায় করতে গিয়ে কর্তৃপক্ষকে চরম বিপাকে পড়তে হয়। কারণ ইজারাদাররা কখনোই পুরো টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়না। এ বছরও সাড়ে তিন কোটি টাকা ইজারার মধ্যে মাত্র দুই কোটি টাকা পাওয়া গেছে। বাকী টাকা চাওয়ায় ইজারাদার চক্র আদালতের আশ্রয় নিয়েছে।" অন্যদিকে ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়, অবৈধ দোকান বসানো, যাত্রী হয়রানি ও যাত্রীদের ব্যাগসহ অন্যান্য মালামাল চুরির সঙ্গে জড়িতদের প্রশ্রয় দেওয়াসহ নানা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে এই 'ইজারাদার চক্র'। আর এসব যাত্রীদের কাছে সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বলেই মনে করেন নৌ-পরিবহণমন্ত্রী। বিআইডব্লিউটিএ'র চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নতুন এ পদ্ধতি চালুর ব্যাপারে কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত। প্রথমে ঘাটে কর্মরত শ্রমিক সংগঠনগুলো থেকে ২০ জন করে নিয়ে মোট ১০০ শ্রমিককে কাজের জন্য নিবন্ধণ দেওয়া হবে।" পরবর্তীতে তা আরো বাড়ানো হতে পারে বলে জানান তিনি। সুষ্ঠুভাবে ঘাট পরিচালনার জন্য এসব শ্রমিক বিআইডব্লিউটিএ'র অধীনে কাজ করবে। মাসিক ভিত্তিতে তাদের নিবন্ধন দেওয়া হবে। আব্দুল মালেক মিয়া বলেন, "নিবন্ধিত শ্রমিকদের মাসিক ভিত্তিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে। এক্ষেত্রে কারো বকেয়া থাকলে ওই শ্রমিক পরের মাসের জন্য নিবন্ধণ পাবে না।" নতুন এই পদ্ধতি চালু হলে সদরঘাটে 'যাত্রী হয়রানি' এবং ইজারাদারদের 'সন্ত্রাসী কর্মকাণ্ড' বন্ধ হয়ে যাবে বলে আশা করেন নৌ-পরিবহণ মন্ত্রী শাজাহান খান। তবে যাত্রী হয়রানি এবং অবৈধ টাকা আদায়ের অভিযোগ অস্বীকার করে ইজারাদার ও ঘাট শ্রমিক সর্দার মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইজারাদার ও তাদের প্রতিনিধিরা যাত্রী হয়রানি বা অবৈধ অর্থ আদায়ের সঙ্গে জড়িত নয়।" এ জন্য বিআইডব্লিউটিএ'র কর্মকর্তাদের দায়ী করে উল্টো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান মহিউদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/২০১০ঘ.