ঢাকা, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল বানচাল করতে সরকার বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তারের পাশাপাশি তাড়িয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
শনিবার দুপুরে নয়া পল্টন সড়কে হরতালের প্রচারপত্র বিতরণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।
খোন্দকার দেলোয়ার বলেন, "সরকার জনপ্রশাসন ও পুলিশকে ব্যবহার করে সারাদেশে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে, তাড়িয়ে বেড়াচ্ছে। ঢাকায় বিভিন্ন সড়কে পুলিশ ইতিমধ্যে অনেক কাঁটাতারের ব্যারিকেড জড়ো করছে। এ থেকে ধারণা করা যায়, পুলিশ হরতালের দিন বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে সব কিছু বন্ধ করে দেবে।"
এভাবে ব্যারিকেড সৃষ্টি করে শান্তিপূর্ণ হরতাল কর্মসূচিতে বাধা দিলে তার দায়ভার সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন দেলোয়ার।
রোববার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে হরতালের ডাক দিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ১৯ মে পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।
খোন্দকার দেলোয়ার শনিবার দুপুরে নয়া পল্টনে দোকানি, পথচারী ও গাড়ি চালকদের মাঝে প্রচারপত্র বিতরণ করেন।
প্রচারপত্রে গ্যাস-পানি-বিদ্যুৎ সরবরাহ, চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ ১১ দফা দাবি ও হরতাল আহবানের কারণ উল্লেখ রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, "আমাদের এই হরতাল কর্মসূচি হবে শান্তিপূর্ণ। হরতাল একটি আইনগত গণতান্ত্রিক অধিকার। এটা সরকারও মানে। কিন্তু সরকার পেটোয়া বাহিনী লেলিয়ে দিয়ে আমাদের এই কর্মসূচিকে বানচাল করতে চাইছে।"
সরকারি দল হরতালের দিন সরকারি যানবাহন ও তাদের সমর্থিত মালিকানাধীন যানবাহন চালানোর চেষ্টা করছে অভিযোগ করে তিনি বলেন, "এভাবে উস্কানি দিয়ে হরতাল বানচাল করা হলে তার পরিণতি শুভ হবে না। এর সব দায়ভার সরকারকেই নিতে হবে।''
হরতালের দিন রাজধানীর বিভিন্ন সড়কে মিছিল নিষিদ্ধ করার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হকের বক্তব্যের কঠোর সমালোচনা করেন দেলোয়ার।
তিনি বলেন, "তিনি (শহীদুল) ডিএমপি কমিশনার হিসেবে কথা বলেননি। এর আগে এভাবে কোনো কমিশনারকে কথা বলতে আমি শুনিনি। এ থেকে বোঝা যায়, সরকার পুলিশকে ব্যবহার করছে।"
এ সময় দেশবাসীকে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালনের আহবানও জানান বিএনপি মহাসচিব।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফজলুর রহমান পটল, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি সানাউল্লাহ মিয়া এ সময় তার সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৩৮ ঘ.
bdnews24