গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আটকের সোয়া পাঁচঘণ্টা পর গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশুসহ চারজনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
শুক্রবার বিকাল ৪টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সমাবেশ করার সময় তাদের আটক করে গাজীপুর পুলিশ। রাত ৯টা ২০ মিনিটে তাদের ছেড়ে দেয়।
অন্য তিনজন হলেন- জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি বাহারানে সুলতান বাহার, দুই পোশাক শ্রমিক মো. মনসুর ও মো. বায়োজিদ।
জয়দেবপুর থানার ওসি আব্দুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভবিষ্যতে রাস্তা বন্ধ করে সভা করবে না এমন মৌখিক আশ্বাসের পরিপ্রেক্ষিতে তাদের ছেড়ে দেওয়া হয়।
এর আগে বিকালে জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, পুলিশের অনুমতি ছাড়া বাস্তা বন্ধ করে সমাবেশ ও মিছিল করার অভিযোগ তাদের আটক করা হয়।
শ্রমিক ঐক্য ফোরামের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সবুজ বলেন, সংগঠনের দেশব্যপী কর্মসূচির অংশ হিসেবে মিশু গাজীপুরে সমাবেশ করতে গিয়েছিলেন।
তাদের সংগঠন পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে বলে জানান তিনি।
সাবেক ছাত্র নেতা মোশরেফা মিশু বর্তমানে বিপ্লবী গণতান্ত্রিক পার্টিরও সাধারণ সম্পাদক।
থানা হেফাজতে থাকা অবস্থায় মিশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশুলিয়ায় ৬০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে, ন্যূনতম মজুরি ৫ হাজার টাকা নির্ধারণ, পোশাক শিল্পে ট্রেড ইউনিয়ন চালু ও গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করার দাবিতে ওই সভার আয়োজন করা হয়।
আগে থেকে অনুমতি নিয়েই ওই সভা ডাকা হয়েছিল বলে তিনি দাবি করেন।
ন্যূনতম মজুরিসহ বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়া এলাকায় কয়েকদিন পোশাক শ্রমিক বিক্ষোভ ও সংঘাতের ঘটনায় মালিক পক্ষ মঙ্গলবার সব কারখানা বন্ধ রাখে। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পরদিন কারখানা খুলে দেয় মালিক পক্ষ।
সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদি হয়ে অজ্ঞাতনামা ৬০ হাজার শ্রমিকের বিরুদ্ধে মামলা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ডিডি/২২৪০ ঘ.
bdnews24