সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেট জেলা কার্যালয়ের বেশ কিছু নথিপত্র কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুদকের এক কনস্টেবলকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১৭ জুন কনস্টেবল (নম্বর-২৯৩) মোসায়েকুর রহমান ওরফে খাদেম একটি ভাংগারি দোকানে নয় বাণ্ডিল কাগজ বিক্রি করে দেন বলে দুদক কার্যালয় জানায়।
ঘটনার ছয়দিন পর মঙ্গলবার তদন্তাধীন বিভিন্ন মামলার নথি না পেয়ে দুদক সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক নূরজাহান আহমদ কোতয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
পরে তদন্ত শুরু করেন তারা।
বুধবার কার্যালয়ের পাশের একটি ভাংগারি দোকান থেকে দুদকের কয়েকটি কাগজ দেখে নূরজাহান দোকানমালিককে জিজ্ঞাসা করেন।
দোকানমালিকের ভাষ্য থেকে এসব নথিপত্র কেজি দরে বিক্রির বিষয়টি বের হয়ে আসে।
ওইদিনই দুদক কর্মকর্তা কোতয়ালি থানায় খাদেম ও দোকান মালিকসহ পাঁচজনকে আসামি করে মামলা করেন।
বৃহস্পতিবার বিকালে কার্যালয়ে কর্তব্যরত অবস্থায় খাদেমকে থানা পুলিশে সোপর্দ করা হয়। সন্ধ্যায় আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নূরজাহান সাংবাদিকদের জানান, নয় বাণ্ডিল নথিপত্রে ১০৪ কেজি কাগজ হয়। সেগুলো কেজি দরে এক হাজার টাকায় বিক্রি করেছেন খাদেম। বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মামলা করা হয়।
মামলার বাকি আসামিরা পলাতক বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২৪ ঘ.
bdnews24