বান্দরবান, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় মৎস্যচাষের অফুরন্ত সম্ভাবনা রয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস।
তিনি বলেন, এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সঠিক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করলে দেশের চাহিদা পূরণ করে মাছ রপ্তানি করাও সম্ভব।
শুক্রবার বান্দরবান সদর উপজেলায় একটি হ্যাচারির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের একথা বলেন।
উপজেলার মাঝের পাড়া এলাকায় এই মিনি মৎস্য হ্যাচারি করা হয়।
মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের মাছ চাষের সম্ভাবনাকে সরকার অগ্রাধিকার দিয়ে গুরুত্ব দিচ্ছে। এজন্য মন্ত্রণালয় তিন পার্বত্য জেলার এ খাতের উন্নয়নে ১২২ কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছে। একনেকে অনুমোদনের পর কার্যক্রম শুরু হবে।
এখানে উৎপাদিত উন্নতমানের পোনা মৎস্য খামারে চাষ করা হলে মাছের চাহিদা মিটবে। এতে মৎস্য চাষিরা আর্থিকভাবে লাভবান হবে এবং দেশের মৎস্য চাহিদা পূরণে বান্দরবান অবদান রাখবে।
হ্যাচারির উদ্বোধন শেষে মন্ত্রী জেলা পরিষদ সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় যোগ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, মৎস্য হ্যাচারির প্রকল্প পরিচালক আবদুল হান্নান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার কামরুল আহসান, পার্বত্য জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জ্বল হোসেন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জেলা মৎস্য কর্মকর্তা তোফাজ্জ্বল হোসেন জানান, এই হ্যাচারিতে একসঙ্গে ২৫ কেজি ডিম থেকে পোনা উৎপাদন করা যায়। প্রতি কেজি ডিমে চার লাখ পোনা উৎপাদন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৯ ঘ.
bdnews24