চাঁপাইনবাবগঞ্জ, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাক চাপায় এক সাইকেল আরোহী মারা গেছেন।
শুক্রবার বিকেলে উপজেলার কানসাটে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফকির মোহাম্মদ ওরফে চাঁদ মিয়া (৫৫) চাঁপাইনবাবগঞ্জ শহরের রামকৃষ্টপুর মহল্লার বাসিন্দা।
শিবগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইকবাল হোসেন সাংবাদিকদের জানান, বিকেল ৪টার দিকে কানসাট বাজারে যাওয়ার সময় শাপলা সিনেমা হলের সামনে চাঁদ মিয়াকে চাপা দেয় পণ্যবাহী ট্রাকটি। সোনা মসজিদ স্থলবন্দর থেকে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জে আসছিলো।
এএসআই জানান, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনার পর চালক ও তার সহকারী পালিয়ে যান। তবে পুলিশ ট্রাকটি আটক করেছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪২ ঘ.
bdnews24