২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে দুর্ঘটনায় ২ বরযাত্রী নিহত

রাজশাহীর মোহনহপুর উপজেলায় ট্রলি চাপায় দুই মটরসাইকেল আরোহী মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 01:35 PM

Updated : 25 Aug 2022, 12:47 PM

রাজশাহী, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীর মোহনহপুর উপজেলায় ট্রলি চাপায় দুই মটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার কালিতলা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। নিহতরা হলেন- রাজশাহীর পবা উপজেলার কর্ণাহার গ্রামের আব্দুল ওহাব (৩০) ও একই উপজেলার ভিমেরড্যাংক গ্রামের শিমুল হোসেন (২৮)। তারা বরযাত্রী হয়ে নওগাঁ যাচ্ছিলেন। ওহাবের মৃত্যুর খবর পেয়ে তার নানি শাশুড়ি হার্ট অ্যাটাকে মারা গেছেন। বিয়ের বরযাত্রী ও প্রত্যক্ষদর্শী রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সাংবাদিকদের জানান, নওগাঁ নওহাটার রাজেশের মেয়ের সঙ্গে ভিমেরড্যাংক গ্রামের আনারুল ইসলামের বিয়ের বরযাত্রী নিয়ে তারা নওগাঁয় যাচ্ছিলেন। মোহনপুরের কেশরহাট এলাকায় আসার পর ওহাব ও শিমুল মাইক্রোবাস থেকে নেমে মটরসাইকেলে রওয়ানা দেন। কালিতলা নামক স্থানে সামনে থেকে একটি ইট বোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিয়ে পাশের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহ হয়েছেন ট্রলিচালক। তবে তার নাম জানা যায়নি। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করলে রাস্তায় যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান এসে স্থানীয়দের শান্ত করলে আধা ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বর আনারুল ইসলাম জানান, মৃত্যুর খবর শুনে ওহাবের নানি শাশুড়ি রমেজা বেগম (৫০) হার্ট অ্যাটাকে মারা গেছেন। মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনা এবং সড়ক অবরোধের খবর শুনে তারা ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে দেন। কারো আপত্তি না থাকায় নিহতদের ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩০ ঘ.