সিলেট, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট ও মৌলভীবাজারের বন্যাদুর্গত এলাকা হরতালের আওতামুক্ত থাকবে বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী।
শুক্রবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণকালে তিনি একথা জানান।
ইলিয়াস আলী বলেন, সিলেট ও মৌলভীবাজার শহর বন্যাকবলিত নয়। তাই শহরগুলোতে হরতাল পালিত হবে। শহরের বাইরে বন্যাকবলিত এলাকা হরতালের আওতামুক্ত থাকবে।
সরকার সিলেটের বন্যাদুর্গত এলাকায় পর্যাপ্ত ত্রাণ দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
তিনি সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা ও সেখানে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি জানান।
গত বুধবার সিলেট ও মৌলভীবাজার জেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শনকালে ওইসব এলাকা হরতালের আওতামুক্ত রাখতে বিরোধী দলকে আহবান জানিয়েছিলেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/১৯০০ ঘ.
bdnews24