২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন মারা গেছে। আহত হয়েছে আরো ৬ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 07:38 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

বগুড়া, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার শেরপুরে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন মারা গেছে। আহত হয়েছে আরো ৬ জন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ধুনকুন্তি এলাকার বুলবুল আহমেদ জানান, শুক্রবার সকাল ৬ টায় শেরপুর উপজেলার ধুনকুন্তি আমতলী এলাকায় বগুড়াগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৪-৮৩৫৩) সাথে ঢাকাগামী ট্রাকের (খুলনা মেট্রো-ট-১১-০৭৪০) মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। শেরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, বগুড়াগামী ভুষি বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকাগামী ভুট্টা বোঝাই ট্রাকের এই সংঘর্ষ ঘটে। ভুষিবোঝাই ট্রাকের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তারা দিনশ্রমিক। তাদের পরিচয় পাওয়া যায়নি। আহত ৬ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অজ্ঞাত পরিচয় আরো একজন মারা যায়। আহতদের মধ্যে রয়েছেন, বগুড়ার শিবগঞ্জের ফকিরপাড়া গ্রামের আব্দুর রউফ (২৫), একই উপজেলার মন্টু (২৫) ও আদমদীঘি উপজেলার কুশাবাড়ি এলাকার রব্বানী (২৭)। ঘটনাস্থলে নিহত তিনযাত্রীর লাশ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপরজনের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তবে নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩৩০ ঘ.