চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের মগপুকুরপাড় এলাকায় মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
হতাহত সবার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে।
পুলিশ জানিয়েছে, কুমিল্লার কয়েকজন শুক্রবার তাদের বিদেশ ফেরত এক আত্মীয়কে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মাইক্রোবাসে নিয়ে বাড়ি ফেরার পথে সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনায় পড়েন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। একজন মাইক্রোবাসের চালক দেলোয়ার (৩৫); অপরজন যাত্রী নিজামউদ্দিন (৩৮)।
আহত আদিল (১০) ও কালামিয়াকে (৫৫) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সীতাকুণ্ডের বারোআউলিয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে মাইক্রোবাসের তিন আরোহী ঘটনাস্থলেই মারা যান। তাদের পরিচয় জানা যায়নি। লাশগুলো চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহত চারজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
চমেক পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ জহুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডকমকে জানান, হাসপাতালে আনার পর আহতদের মধ্যে দেলোয়ার ও নিজামউদ্দিন মারা গেছেন। আদিল ও কালামিয়া ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।
এসআই কামালউদ্দিন জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যায়। ট্রাকটি আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/কেএমএস/১১৩৮ ঘ.
bdnews24