২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমতলীর অগ্নিদগ্ধ ৬ লাশ আঞ্জুমানকে হস্তান্তর

পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় না মেলায় তাদের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2010, 05:13 AM

Updated : 25 Aug 2022, 12:48 PM

ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নিমতলীর অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় না মেলায় তাদের লাশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। লাশগুলো গত ২১ দিন পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) মারচুয়ারিতে রাখা ছিলো। শুক্রবার সকাল সোয়া ৯টার দিকে বংশাল থানার এসআই শহিদুল্লাহ প্রধান মিটর্ফোর্ড হাসপাতাল মারচুয়ারি থেকে তিনজন মহিলা, দুজন পুরুষ ও একজনের লাশের খণ্ডিত অংশ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন। আঞ্জুমানের পক্ষে লাশ ছয়টি গ্রহণ করেন আব্দুল জলিল আকন্দ। মিটফোর্ড হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. আবুল হাশেম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মারচুয়ারির যান্ত্রিক ত্র"টির কারণে লাশগুলি গলে যাওয়ার অবস্থা হয়েছে। এগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় রোগীদের সমস্যা হচ্ছিলো। তিনি আরো জানান, প্রত্যেক দগ্ধ মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে; যাতে ভবিষ্যতে কারো স্বজন এলে ওই নমুনা থেকে পরিচয় শনাক্ত করা যায়। গত ৩ জুন নিমতলীতে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গত ১১ জুন পর্যন্ত মারা গেছে ১২১ জন। স্মরণকালের ভয়াবহ ওই আগুনে নিহতদের মধ্যে ৪৫ জনের মৃতদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে রাখা ছিলো। এর মধ্যে ৩৯টি লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর তা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি পাঁচটি মৃতদেহ ও একটি খণ্ডিত লাশ রাখা ছিলো মারচুয়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১১০৭ ঘ.