২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য বাজেটের ১০ শতাংশ বরাদ্দ দাবি

প্রতিবন্ধীদের জন্য নতুন বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2010, 07:34 AM

Updated : 25 Aug 2022, 12:45 PM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের জন্য নতুন বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দের দাবি জানিয়েছে প্রতিবন্ধীদের সংগঠন ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজএবল্ড পিপলস অর্গানাইজেশন (ন্যাডপো)। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। গত ১০ জুন অর্থমন্ত্রী ২০১০-১১ অর্থবছরের জন্য এক লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। ন্যাডপোর দাবি অনুসারে প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ চওয়া হয়েছে ১৩ হাজার কোটি টাকার বেশি। সংবাদ সম্মেলনে ন্যাডপো সভাপতি অব্দুস ছাত্তার দুলাল বিভিন্ন দাবি তুলে ধরেন। বাংলাদেশের ১০ ভাগ মানুষ প্রতিবন্ধী দাবি করে তিনি বলেন, "এছাড়া দেশের মোট জনসংখ্যার মধ্যে আট কোটি মানুষ প্রতিবন্ধীদের সঙ্গে সরাসরি জড়িত। এরা প্রতিদিন ১০০ টাকার পণ্য ক্রয় করলে পরোক্ষ কর বাবদ বছরে সরকারকে দেয় ৪৪ হাজার কোটি টাকা। "অথচ ২০১০-১১ অর্থবছরের বাজেটে প্রতিবদ্ধীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে মাত্র দশমিক ১১ শতাংশ। এটা খুবই অপ্রতুল।" ন্যাডপো সভাপতি প্রতিবন্ধীদের জন্য বাজেটের ১০ শতাংশ অর্থ বরাদ্দের পাশাপশি ওই অর্থের ৫ শতাংশ প্রতিবন্ধীদের সংগঠনের জন্য বরাদ্দ রাখারও দাবি জানান। মানবিক বা ব্যক্তি বিবেচনায় নয়, সংবিধান, জাতিসংঘ সনদ, প্রতিবন্ধী বিষয়ক আইন অনুসারে বাজেটে বরাদ্দ রাখার দাবি জানিয়ে তিনি বলেন, "দেশের ১০ ভাগ জনগোষ্ঠীকে বাইরে রেখে সার্বিক উন্নয়ন সম্ভব হবে না।" ন্যাডপো সভাপতি অভিযোগ করেন, তারা কয়েকবার চেষ্টা করেও দাবিগুলো অর্থমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেননি। সংবাদ সম্মেলনে সংগঠনের সহ-সভাপতি শওকত হোসেন ভূঁইয়া, ছাইফুল ইসলাম, মহাসচিব জাহাঙ্গীর আলম, যুগ্ম মহাসচিব ইফতেখার হোসেন, শিরিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এজে/কেএমএস/১৩২৪ ঘ.