সিলেট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জে বুধবার রাতে বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে পাঁজনের মৃত্যু হয়েছে।
এছাড়া গুরুতর আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, গোলাপগঞ্জের আমকোনা গ্রামের সেলিম মিয়া, মিনা বেগম ও সোনমপুর গ্রামের ফারুক আহমদ।
নিহত আরো দু'জন এবং একমাত্র আহতের পরিচয় পাওয়া যায়নি।
গোলাপগঞ্জ থানার উপ-পরিদর্শক ইমদাদ হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে হেতিমগঞ্জে সিলেট থেকে জকিগঞ্জগামী একটি বাসের সঙ্গে গোলাপগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজি আটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পাঁচজনের মৃত্যু হয়। নিহত সবাই অটোরিকশা যাত্রী।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সিলেট-জকিগঞ্জ-বিয়ানীবাজার সড়ক প্রায় আধঘণ্টা অবরোধ করে রাখে। তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে যায়। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৪ ঘ.
bdnews24