২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাদে বাগান করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

নগরায়নের খারাপ প্রভাব থেকে মুক্ত হতে ভবনের ছাদে বাগান করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 12:40 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরায়নের খারাপ প্রভাব থেকে মুক্ত হতে ভবনের ছাদে বাগান করার আহ্বান জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, "স্বল্প ভূমি ও জনবহুল এই দেশে দ্রুত বর্ধনশীল নগরায়ন প্রক্রিয়ার খারাপ প্রভাব থেকে মুক্তির জন্য ঢাকাসহ দেশের সব এলাকায় নির্মিত ভবনগুলোর ছাদে বাগান করা যেতে পারে। একটি পরিবেশ বান্ধব ও নান্দনিক পদক্ষেপ হিসেবে বিষয়টিকে উৎসাহিত করার পদক্ষেপ নিয়েছে সরকার।" বুধবার আগারগাঁওয়ের বন ভবন মিলনায়তনে 'ছাদে বাগান সৃজন' শীর্ষক এক সেমিনারে প্রতিমন্ত্রী এ কথা বলেন। যাদের বাড়িতে ছাদ আছে তাদেরকে এ উদ্যোগ সফল করতে এগিয়ে আসার আহবান জানান তিনি। প্রধান বন সংরক্ষক আবদুল মোতালেব-এর সভাপতিত্বে অনষ্ঠিত সেমিনারে জানানো হয়, দেশে ছাদে বাগান করার বিষয়টি অতি প্রাচীন হলেও প্রথমবারের মত সরকারি উদ্যোগে এটি করা হচ্ছে। ছাদে বাগান করার মাধ্যমে ছাদ ও আশপাশের তাপমাত্রা হ্রাস, নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি, তাজা ফল, ফুল ও সব্জির সহজলভ্যতা ইত্যাদি বিষয়ে বক্তব্য তুলে ধরা হয় সেমিনারে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ কার্যক্রমে জনগণকে অনুপ্রাণিত করতে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারের জন্য নির্ধারিত ১৬টি ক্যাটাগরির একটি হিসেবে ছাদে বাগান করাকে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রতিবছর এ ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য় পুরস্কার দেওয়া হয়ে থাকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/এমএসবি/১৯৪৭ ঘ.