ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স নতুন স্বয়ংক্রিয় ওয়েবসাইট চালু করেছে।
এর ঠিকানা হচ্ছে : www.gmgairlines.com
এই ওয়েবসাইটে যাত্রীরা জিএমজি এয়ারলাইন্সের রুট, সময়সূচি, বিশ্বব্যাপী এজেন্টদের ঠিকানা ও কোম্পানি সম্পর্কিত যাবতীয় তথ্য পাবেন।
ওয়েবসাইটটি সম্পর্কে জিএমজি এয়ারলাইন্সের প্রধান নির্বাহী ক্রিশ্চিয়ান হেইঞ্জম্যান বলেন, '' নতুন এই ওয়েবসাইট চালু করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ গর্বিত। এতে ভ্রমণকারীদের জন্য আকর্ষণীয় প্যাকেজ সমূহের উল্লেখ থাকবে। খুব স্বল্প সময়ের মধ্যে এই ওয়েবসাইটে বুকিং ইঞ্জিন সমন্বয় করা হবে। যার মাধ্যমে গ্রাহকরা পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সহজেই জিএমজির সেবা উপভোগ করতে পারবেন।''
জিএমজি অদূর ভবিষ্যতে ডিসিএস পদ্ধতির মাধ্যমে মোবাইল, ই-টিকেট, অনলাইন চেক ইন, বোর্ডিং কার্ড চালু করবে বলে জানান তিনি।
১৯৯৮ সালের ৬ এপ্রিল অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে জিএমজি এয়ারলাইন্সের বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। পরে ২০০৪ সালের সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম-কোলকাতা রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২০৩৪ ঘ.
bdnews24