২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান অধ্যাপক মিজানুর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 01:55 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আইন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়। চেয়ারম্যান পদে অধিষ্ঠিত থাকাকালে তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির সমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯ এর ধারা ৬ (১) এর বিধানমতে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এ নিয়োগ দেন। একইসঙ্গে কমিশনে একজন সার্বক্ষণিক সদস্য ও পাঁচজন অবৈতনিক সদস্য নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সার্বক্ষণিক সদস্য নিযুক্ত হয়েছেন- অবসরপ্রাপ্ত সচিব এবং লিগ্যাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং ইন্সটিটিউটের নির্বাহী পরিচালক কাজী রিয়াজুল হক। অপর পাঁচ জন অবৈতনিক সদস্য হলেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোট বিভাগের আইনজীবী ফৌজিয়া করিম ফিরোজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গিয়াসউদ্দিন মোল্লা, প্রিপ ট্রাষ্টের নির্বাহী পরিচালক আরমা দত্ত, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক নিরু কুমার চাকমা। অবৈতনিক সদস্য পদে অধিষ্ঠিত থাকাকালে তারা কমিশনের সভায় যোগদানসহ অন্যান্য দায়িত্ব সম্পাদনের জন্য নির্ধারিত হারে সম্মানী ও ভাতা পাবেন। প্রজ্ঞাপনে অবিলম্বে তাদের কাজে যোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এর আগে আইনমন্ত্রী শফিক আহমেদ মঙ্গলবার দুপুরে জানান, ২-১ দিনের মধ্যেই পূর্ণাঙ্গ মানবাধিকার কমিশন গঠন করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিসি/এজে/এইচএ/২০১৯ ঘ.