২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে দরপত্র নিয়ে সংঘর্ষ, এসিড নিক্ষেপ

নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে ঠিকাদারদের দু'পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2010, 01:06 PM

Updated : 25 Aug 2022, 12:37 PM

নাটোর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) কাজের দরপত্র জমা দেওয়া নিয়ে ঠিকাদারদের দু'পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছে। এরমধ্যে একজনের মুখ এসিডে ঝলসে গেছে। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের বাইরে এই সংঘর্ষ হয়। আহতদের মধ্যে মধু (২৮) ও সারোয়ার (২৫) নামের দু'জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলাল (৩২) নামের আরেকজনসহ বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সংঘর্ষে একপক্ষে ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং আরেকপক্ষে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারের ছেলে সোহেল সরকার। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক নির্মাণ সাড়ে তিন কোটি টাকার একটি কাজের দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিল মঙ্গলবার। শফিকুল ও সোহেলের পক্ষের লোকজন প্রতিপক্ষকে দরপত্র জমাদানে বাধা দিলে উত্তেজনা দেখা দেখা দেয়। এ কারণে এলজিইডি কার্যালয়ে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। দরপত্র জমা দেওয়া শেষ হলে দুপুর পৌনে ১টার দিকে উপজেলা পরিষদের সামনের রাস্তায় শফিকুল ইসলাম ও সোহেল সরকারের গ্র"পের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের ছোড়া এসিডে মধুর মুখমণ্ডল ঝলসে যায়। ধারালো অস্ত্রের আঘাতে আহত হয় সারোয়ার ও বেলাল। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমার সমর্থিত ঠিকাদারদের দরপত্র দাখিল করতে কয়েকজন যুবক বাধা দিয়েছিল। তবে পুলিশের সহযোগিতায় দুপুর সাড়ে ১২টার দিকে তারা দরপত্র জমা দেয়।" এরপর কারা সংঘর্ষে জড়িয়ে পড়েচে তা তিনি জানেন না বলে জানান। সোহেল সরকার বলেন, "গোলমালের কথা শুনেছি। তবে বিস্তারিত কিছু বলতে পারবো না। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।" নাটোর সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, শান্তিপূর্ণভাবে দরপত্র দাখিল হয়েছে। তবে এরপরই সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছে। তিনি বলেন, "আহত একজনের মুখমণ্ডল ঝলসে গেছে। তবে কিসে ঝলসে গেছে তা জানি না।" এলজিইডির নির্বাহী প্রকৌশলী লোকমান হোসেন বলেন, "পুলিশের উপস্থিতিতে দরপত্র দাখিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। বাইরে কি হয়েছে বলতে পারবো না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮৪৯ ঘ.