মাদারীপুর, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ফেরিঘাটে দুর্ঘটনায় এক পরিবহন শ্রমিক মারা গেছেন।
মঙ্গলবার সকাল ৮টার দিকে এক কাভার্ড ভ্যান ফেরি থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সাদ্দাম হোসেন (২৮)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদ্দাম কাভার্ড ভ্যানের ছাদে ঘুমিয়েছিলেন। কাভার্ড ভ্যানটি মাওয়া থেকে কাওড়াকান্দি হয়ে গন্তব্যে যাচ্ছিলো।
কাওড়াকান্দি ঘাটে ফেরি ভেড়ার পর ভ্যানটি নামার সময় ফেরির উপরের রেলিংয়ে চাপ লেগে সাদ্দাম মারা যান।
সার্জেন্ট আসাদুল জানান, পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করেছে। নিহতের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ময়না তদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/জেবি/এমএসবি/১৯০০ ঘ.
bdnews24