ঝিনাইদহ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহের মহেশপুর উপজেলায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলার ভবনগর গ্রামের মাঠে দুই দলের মধ্যে সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।
নিহতের নাম- একরামুল (৪০)। তার বাড়ি কুসুমপুর গ্রামে।
মহেশপুর থানার ওসি মামুনুর রশিদ সাংবাদিকদের জানান, জমির দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুসুমপুর গ্রামের আলতাফ হোসেন ও স্বরূপপুরের আব্দুল জব্বার গ্র"পের মধ্যে বিরোধ চলে আসছিলো।
মঙ্গলবার সকালে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়।
সংঘর্ষে আহতদের মধ্যে একরামুল, কালু ও ফিরোজকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে একরামুল মারা যান। অবস্থার অবনতি হওয়ায় কালু ও ফিরোজকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত মধ্যে আরো দুজনকে খুলনায়, তিনজনকে মহেশপুর ও তিনজনকে চুয়াডাঙ্গার জীবননগর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24