২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল বাংলাদেশের নামে 'ইসলাম নির্মূলের' অভিযোগ

মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশের নামে 'ইসলাম নির্মূলের' চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 12:32 PM

ঢাকা, জুন ২১(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার ডিজিটাল বাংলাদেশের নামে 'ইসলাম নির্মূলের' চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সোমবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। মুফতি ফয়জুল করিম বলেন, "সরকারের কর্মকান্ডে মনে হচ্ছে সরকারের উপর আরো একটি সরকার কাজ করছে। ইসলাম নির্মূল, গণমাধ্যমের কন্ঠরোধ ও বিদেশীদের মদদে ডিজিটাল কায়দায় আবারো বাকশালে ফিরে যেতে চাইলে তা সরকারের জন্য কল্যাণ বয়ে আনবে না।" সরকারের এসব 'চক্রান্ত' রুখে দেওয়ার জন্য তাদের লাখ লাখ মুজাহীদ তৈরি আছে বলে সতর্ক করে দেন তিনি। অনুষ্ঠানে বক্তারা ইসলামী শাসন প্রতিষ্ঠার দাবি জানান। বর্তমানে ইভটিজিংকে একটি মহামারির সঙ্গে তুলনা করে মুফতি ফয়জুল করিম বলেন, "ইভটিজিং বন্ধে ইসলামী শাসনব্যবস্থার বিকল্প নেই।" ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন- দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান ও ঢাকা মহানগর সভাপতি অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দীন। সম্মেলনে সৈয়দ আলী মোস্তফা সভাপতি ও মো. নূরে আলম হাওলাদার সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এসএএ/এইচএ/২৩১০ ঘ.