ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে ঢাকার আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানাগুলো অনির্দিষ্ট কাল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পোশাক প্রস্তুত ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ)।
বিজিএমইএ সভাপতি আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পোশাক শিল্পের অস্থিরতার দরুন মালিকরা নিরাপদ বোধ করছেন না। তাই কাল (মঙ্গলবার) থেকে কারখানা বন্ধ রাখা হবে।"
তিনি জানান, সোমবার রাতে বিজিএমইএ কার্যালয়ে সংগঠনের নেতা ও আশুলিয়ার কারখানা মালিকদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারখানা বন্ধ থাকবে বলে মুর্শেদী জানান।
সোমবার রাতে দেওয়া বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রম আইনের ২০০৬ এর ১৩(১) ধারা অনুযায়ী সংগঠনটি এই সিদ্ধান্ত নিয়েছে।
ন্যূনতম পাঁচ হাজার টাকা মজুরির দাবিতে সাভার উপজেলার আশুলিয়া থানাধীন নরসিংহপুরে হা-মীম গ্র"পের কারখানাসহ কয়েকটি কারখানার শ্রমিকরা সোমবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।
পুলিশ অবরোধ উঠাতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়।
এর একদিন আগে একই দাবিতে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে নাসা গ্র"পের পাঁচটি প্রতিষ্ঠানের কয়েকশ' শ্রমিক।
তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন কারখানার শত শত শ্রমিক। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কয়েক দফা সংঘর্ষে ছয় পুলিশসহ শতাধিক আহত হয়।
পোশাক শিল্পের শ্রমিকদের বর্তমানে ন্যূনতম মজুরি ১৬৬২ টাকা ৫০ পয়সা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এমএসবি/এইচএ/২২৪৯ ঘ.
bdnews24