২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে একজন নিহত

ঝিনাইদহে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2010, 05:51 AM

Updated : 25 Aug 2022, 12:35 PM

ঝিনাইদহ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহে মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত ও একজন আহত হয়েছে। নিহত বাহার আলী (৩৫) মহেশপুরের লড়াইঘাট গ্রামের আক্কাস আলীর ছেলে। একই গ্রামের বাসিন্দা আহত আলতাফ হোসেন। তারা উভয়েই গরু ব্যবসায়ী বলে জানিয়েছে বিডিআর। সোমবার ভোর ৪ টার দিকে ৬০ নং মেইন পিলারের অধীন ১৩৩ নং টিপি পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে এ ঘটনা ঘটে। বিডিআর ৩৫ রাইফেল ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সুলতান আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাহার আলী ও আলতাফ হোসেন গরু নিয়ে বাংলাদেশে ফিরছিলেন। এ সময় সীমান্তের জিরো লাইনের ওপারে কাঁটাতারের বেড়ার পাশে তাদেরকে লক্ষ করে গুলি করে নদীয়া জেলার ছুটিপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। তিনি বলেন, গুলিবিদ্ধ হয়ে বাহার আলী ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় পালিয়ে আসেন আলতাফ হোসেন। বিডিআর কর্মকর্তা সুলতান জানান, লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহবান জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১১৪৪ ঘ.