২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে চট্টগ্রামে ২ জনের যাবজ্জীবন

এক মহিলাকে ধর্ষণের পর গলা টিপে হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 04:22 PM

Updated : 25 Aug 2022, 12:29 PM

চট্টগ্রাম, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক মহিলাকে ধর্ষণের পর গলা টিপে হত্যার দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। রোববার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল- ১ এর বিচারক মো. আখতার হোসেন এ রায় দেন। সেই সঙ্গে দুই আসামির প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানারও নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- শাহদাত হোসেন ও সুলতান আহমেদ। এদের মধ্যে শাহদাত কারাগারে আটক থাকলেও অপরজন পলাতক রয়েছেন। তাদের দু'জনেরই বাড়ি বাঁশখালী উপজেলার জলদি গ্রামে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী চন্দন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় দেন। মামলার এজাহারে বলা হয়, ২০০২ সালের ১৯ জুন রাতে বাঁশখালী উপজেলার জলদী গ্রামের ফয়জুল হকের বোন আখতার বেগম বাড়ির বাইরে বের হলে আসামিরা তাকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ধর্ষণ করে গলাটিপে হত্যা করে। এ ঘটনার পর ফয়জুল হক দুইজনকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করেন। আইনজীবী চন্দন জানান, ২০০২ সালের ২৯ সেপ্টেম্বর এ মামলার অভিযোগপত্র দাখিল এবং পরের বছর ২০০৩ সালের ১২ জানুয়ারি অভিযোগ গঠন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১৯ ঘ.