২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্রুত কয়লানীতির তাগিদ সরকার দলীয় সাংসদদের

অবিলম্বে 'কয়লানীতি' প্রণয়ন করে যথাযথভাবে কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনে তা কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সরকার দলীয় সাংসদরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 04:00 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিলম্বে 'কয়লানীতি' প্রণয়ন করে যথাযথভাবে কয়লা উত্তোলন করে বিদ্যুৎ উৎপাদনে তা কাজে লাগানোর জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন সরকার দলীয় সাংসদরা। রোববার সংসদে বাজেট আলোচনায় তারা এই আহ্বান জানান। কিছুটা পরিবেশ বিপর্যয় হলেও দেশের বৃহত্তর স্বার্থে কয়লা উত্তোলন করা দরকার বলে মনে করেন সরকার দলীয় সাংসদ ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। অন্যদিকে, দিনাজপুর- ২ আসনের সাংসদ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, "বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সঠিক ভাবে কয়লা উত্তোলন করা হলে তা দিয়ে সাত থেকে দশ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।" বাজেট আলোচনায় অংশ নিয়ে শেখ সেলিম পরিবেশ কর্মীদের সমালোচনা করে বলেন, "কিছু কিছু পরিবেশবাদী আছে, যারা কয়লা তুলতে গেলেই বলেন পরিবেশ নষ্ট হবে। এক্ষেত্রে পরিবেশ বড় কথা নয়। জনগণের চাহিদা আগে। পরিবেশ একটা নির্দিষ্ট এলাকার। পুরো দেশের পরিবেশ নষ্ট হবে না। কয়লা মাটির নিচে রেখে লাভ নেই।" অবিলম্বে কয়লা নীতি করে কয়লা উত্তোলনের জন্য সরকারের নীতি নির্ধারকদের প্রতি আহবান জানান তিনি। 'উচ্চাভিলাষী' বলে যারা বাজেটের সমালোচনা করেছেন উল্টো তাদের সমালোচনা করে শেখ সেলিম বলেন, কিছু কিছূ লোক সব সময় নেতিবাচক কথা বলেন। তারা কোনো কিছুতেই ইতিবাচক চিন্তা করতে পারেন না। তারা বিভিন্ন টক শো আর সংবাদ সম্মেলন করে বাজেটের সমালোচনা করেন। তারাই 'এক-এগারোর' সৃষ্টি করেছিলো। তারা কেবল সমালোচনার জন্যই সমালোচনা করেন। বাজেট আলোচনায় আরো অংশ নেন- পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, হাবিবুর রহমান, বজলুল হক হারুন, নুরুল ইসলাম বিএসসি, এ কে এম আউয়াল, এ বি এম আনোয়ারুল হক, হাফিজ উদ্দিন আহমেদ, শফিকুর রহমান এবং মোহাম্মদ শাহাবুদ্দিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/এইচএ/২১৫৫ ঘ.