২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা বাগানে রাবার চাষের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার

চা বাগানের জন্য জমি বরাদ্দ নিয়ে রাবার চাষ ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 12:30 PM

ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চা বাগানের জন্য জমি বরাদ্দ নিয়ে রাবার চাষ ও অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। রোববার ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভাগীয় কমিশনারদের সঙ্গে মাসিক সমন্বয় সভায় তিনি এ নির্দেশ দেন। প্রতিমন্ত্রী বলেন, "তালিকা হাতে পেলেই জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জমির বরাদ্দ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" সভা শেষে তিনি সাংবাদিকদের বলেন, তালিকাভুক্ত চা বাগানগুলো থেকে অবৈধভাবে বালু তোলার কারণে সেসব ধ্বংস হতে চলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। তিনি জানান, দেশের চার জেলায় মোট ১৫৮টি চা বাগান রয়েছে। এরমধ্যে ইজারাকৃত মাত্র সাতটি চা বাগানের অবস্থা জানা গেছে। বাকি ১৫১টি চা বাগানের অবস্থা সম্পর্কে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই। এ ব্যাপারে দ্রুততার সঙ্গে ভূমি মন্ত্রণালয়কে যাবতীয় তথ্য জানানোর জন্যও নির্দেশ দেন মোস্তাফিজুর রহমান। কমিশনারদের সভায় তিনি বলেন, "চা বাগানের জমিতে কোন ব্যক্তি বা ইজারাদার রাবার চাষ ও বালু তুললে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। এক্ষেত্রে কোন ছাড় দেওয়া হবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/এইচএ/২১৪২ ঘ.