ঢাকা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের ঘটনায় দায়ীদের শাস্তি দেওয়ার পরই খুলবে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট)।
রোববার একাডেমিক কমিটির এক জরুরি সভা শেষে বুয়েটের উপাচার্য অধ্যাপক এ এম এম শফিউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন গবেষণা কেন্দ্র ও ইনস্টিটিউটের পরিচালক ও আবাসিক হলের প্রাধ্যক্ষরা এ বৈঠকে অংশ নেন।
ঘটনা তদন্তে এক সদস্যের একটি কমিটি গঠন করা হয় এ বৈঠকে। তবে তদন্তের স্বার্থে কমিটি প্রধানের নাম প্রকাশ করা হবে না বলে জানান উপাচার্য।
শনিবার বিশ্বকাপ খেলা দেখার জন্য ছুটি দেওয়া-না দেওয়ার দাবিকে কেন্দ্র করে দুই বর্ষের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
একাডেমিক কমিটির বৈঠক শেষে উপাচার্য অধ্যাপক ড. এ এম এম শফিউল্লাহ বলেন, "ঘটনা তদন্ত করে দায়ীদের শাস্তি দিয়ে বিশ্ববিদ্যালয় খুলবে। তবে এ প্রক্রিয়া শেষ হওয়ার সময়সীমা এই মুহুর্তে বলা সম্ভব নয়। তবে তদন্ত কমিটিকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে।"
তিনি বলেন, "সংঘর্ষের সময় দেশের বাইরে থাকায় আমি সবার কাছ থেকে ঘটনা শুনেছি। একইসাথে পরিস্থিতি উত্তরণের বিষয়টিও বৈঠকের আলোচনায় স্থান পেয়েছে।"
তিনি জানান, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি শাস্তিমূলক ব্যবস্থা নেবে।
কমিটি প্রধান অনুমতি নিয়ে তদন্তের সময় ও কমিটির সদস্য সংখ্যা বাড়াতে পারবেন বলে জানান উপাচার্য।
শাস্তির ধরণ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জীবন পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা বলা কষ্টকর। বিশ্ববিদ্যালয়ে এক বা দুই টার্মের জন্য বহিষ্কার, জরিমানাসহ বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে।"
বিশ্বকাপ ফুটবল চলাকালে বুয়েট খোলার কোন সম্ভাবনা নেই বলে জানান তিনি।
বিশ্বকাপ খেলা দেখার জন্য তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী ৩ সপ্তাহ ছুটি চেয়ে ১৬ জুন ছাত্রকল্যাণ পরিচালক বরাবর একটি আবেদন করে। তারা ১৯ জুন থেকে ছুটি ঘোষণার দাবি জানায়।
একইদিন অ্যাকাডেমিক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়ে চতুর্থ বর্ষের অপর একদল শিক্ষার্থী উপাচার্য বরাবর আবেদন করে। তারা সেশন পিছিয়ে যাওয়ার আশঙ্কায় বন্ধের বিরোধিতা করে।
দুই পক্ষের পরস্পর বিরোধী আবেদনের প্রেক্ষিতে বুয়েট কর্তৃপক্ষ মিডটার্মের এক সপ্তাহ ছুটিকে এগিয়ে এনে ২৬ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটির নোটিশ দেয়।
তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা শনিবার ছুটির দাবিতে আন্দোলনে নামে। তারা নিজেরা ক্লাস বর্জন করে এবং অন্যদেরকে ক্লাসে অংশ নিতে বাধা দেয়।
এতে দু'পক্ষের সংঘর্ষে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সব আবাসিক হল খালি করার নির্দেশ দেয় কর্র্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/এইচএ/১৯০৬ ঘ.
bdnews24