২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের জরুরি তহবিলে বাংলাদেশ মিশনের অনুদান

জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিলে বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত কর্মকর্তাদের স্ত্রীরা ৫শ' মার্কিন ডলার দান করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 06:18 PM

Updated : 25 Aug 2022, 12:25 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিলে বাংলাদেশ স্থায়ী মিশনে কর্মরত কর্মকর্তাদের স্ত্রীরা ৫শ' মার্কিন ডলার দান করেছেন। জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত এক মেলায় অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশ মিশন ঐতিহ্যবাহী দেশীয় খাবার ও পণ্য বিক্রি করে এ অর্থ সংগ্রহ করে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সহধর্মীনির উদ্যোগে বিশ্বসংস্থার কেন্দ্রীয় জরুরি সহায়তা তহবিল গঠনের জন্য আয়োজিত দিনব্যাপী এই মেলায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেনের স্ত্রী মিসেস সেলিনা মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তাদের স্ত্রীরা অংশ নেন। জাতিসংঘের প্রায় সব সদস্য রাষ্ট্র এ মেলায় অংশ নেয়। বাংলাদেশের মুখরোচক খাবার মেলায় আসা বিভিন্ন দেশের কূটনীতিকদের রসনা তৃপ্ত করে। এছাড়া বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশী কাঁথাসহ বিভিন্ন ধরনের চারু ও কারু শিল্প, চিত্রকর্ম, শাড়ি এবং অন্যান্য পোশাক সবার নজর কেড়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এইচএ/০০০৯ ঘ.