২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের লাঠিপেটায় সড়ক ছেড়েছে শ্রমিকরা, আশুলিয়ায় উত্তেজনা

আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এরপর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 12:28 PM

সাভার, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জামগড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধকারী পোশাক শ্রমিকদের পুলিশ লাঠিপেটা করে সরিয়ে দিয়েছে। এরপর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয়। পুলিশ জানায়, দুপুর ১টা থেকে মহাসড়কে যানবাহন চলছে। ওই এলাকায় বর্তমানে র‌্যাব ও পুলিশ টহল দিচ্ছে। তবে পুরো এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। ন্যুনতম মজুরি ৫ হাজার টাকা করার দাবিতে কয়েক হাজার শ্রমিক সকাল শনিবার ৯টার দিকে মহাসড়ক অবরোধ করে। এসময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ছয় পুলিশসহ শতাধিক আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্র"পের পাঁচটি প্রতিষ্ঠানের কয়েকশ' শ্রমিক প্রতিষ্ঠানগুলোর ভিতরে ভাঙচুর চালায়। এগুলো হলো নাসা গ্লোবাল লিমিটেড, নাসা হাইটেক লিমিটেড, নাসা ওয়াশ লিমিটেড, নাসা গার্ডেন লিমিটেড ও নাসা এজি সুপার গার্মেন্টস লিমিটেড। বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ পরিস্থিতিতে বাইপাইল থেকে নরসিংহপুর এলাকা পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করা হয়। এসব কারখানার কয়েক হাজার শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। পরবর্তীতে বিক্ষুব্ধ শ্রমিকরা নরসিংহপুর এলাকার হা-মীম গুপ ও শারমিন গ্র"পে হামলা চালিয়ে ভিতরে ভাঙচুর করে। শারমিন গ্র"পের কার্যালয় থেকে শ্রমিকরা মালামাল ও টাকা লুটপাট করে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছে। সকাল ৯টা থেকে জামগড়া এলাকার শিমুলতলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে শ্রমিকরা। এখানেও পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোঁড়ে পুলিশ। প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানান, সংঘর্ষে শতাধিক শ্রমিক আহত হয়েছে। পুলিশের রাবার বুলেটে আহত হয় নাসা গ্র"পের শ্রমিক আনিস ও হা-মীম গ্র"পের খায়রুল আমিন সবুজ। তাদের প্রথমে সাভার মা ও শিশু হাসপাতালে, পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনাস্থলে উপস্থিত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের তুলনায় পুলিশের লোকবল অত্যন্ত কম হওয়ায় শ্রমিকদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। সংঘর্ষে অন্তত ছয় জন পুলিশ সদস্য আহত হয়েছে বলে তিনি জানান। আশুলিয়া থানা ওসি সিরাজুল ইসলাম জানান, পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো- নাসা গ্র"পের অপারেটর মো. রতন ও স্টার লিংক গার্মেন্টসের অপারেটর আবুল হোসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৫৩৮ ঘ.