হবিগঞ্জ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক গৃহবধূ খুন হয়েছেন।
শুক্রবার সকালে উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গ্রামের আব্দুল মোতালিব ও তার ভাইপো সহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল।
এর জেরে প্রতিপক্ষের লোকজন সকালে সহিদ মিয়ার বাড়িতে হামলা চালায়। সহিদ মিয়াকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী ময়মোননেছাকে (৩০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে।
মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহতর স্বামী সহিদ মিয়া বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.
bdnews24