ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট ও হবিগঞ্জে শুক্রবার পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনসহ ছয়জনের মৃত্যু হয়েছে।
এর মধ্যে সিলেটের বিয়ানীবাজারে প্রাইভেটকার খাদে মারা গেছে একই পরিবারে চারজন। হবিগঞ্জের মাধবপুরে দু'টি ট্রাক খাদে পড়ে দু'জনের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিলেট প্রতিনিধি জানান, নিহতরা হলেন- জকিগঞ্জ উপজেলার হাতিদহর গ্রামের আঞ্জুমান আরা বেগম (৫০), আনোয়ারা বেগম (৩৫), হুমায়রা আক্তার (২২) ও অবিদুজ্জামান রুদ্র (৪)।
বিয়ানীবাজার থানার ওসি এ কে এম ফজলুল হক শিবলী জানান, বেলা পৌনে ২টার দিকে সিলেট থেকে একটি প্রাইভেট কারযোগে তারা জকিগঞ্জের হাতিদহর গ্রামে যাচ্ছিলেন। সিলেট-বিয়ানীবাজার-জকিগঞ্জ সড়কের চাপারচক পুর্ব জালালপুরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খাদের পানিতে ডুবে ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।
এ সময় প্রাইভেটকার চালক ওই পরিবারের ছেলে আশিকুজ্জামান রাসেল (৩০) আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার উত্তর নয়াপাড়া এলাকায় দুটি ট্রাক খাদে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে নিহত হন চুনারুঘাট উপজেলার গাভীগাঁও গ্রামের সজল (৫০)। হাসপাতালে নেওয়ার পর মারা যান একই উপজেলার আমুরোড গ্রামের মানিক মিয়া (৪৫)।
মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম জানান, ভোর ৫টায় সিলেট থেকে ছেড়ে আসা গরু বোঝাই একটি ট্রাককে পিছন থেকে আসা কাঠভর্তি আরেকটি ট্রাক ওভারটেক করার সময় দু'টি ট্রাকই রাস্তার পাশে পড়ে যায়।
এ সময় পাঁচটি গরুও মারা যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৩ ঘ.
bdnews24