চট্টগ্রাম, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা চলাকালে প্রধান দুই প্রার্থীর সমর্থক আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় এম এ আজিজ স্টেডিয়ামের বাইরে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ব্যাপক ইটপাটকেল ও পাথর ছোড়াছুড়ি হয়।
এ সময় পুলিশের দুটি মটরসাইকেল ও দুটি চায়ের দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয়। ভাংচুর করা হয় ব্যালট ও পুলিশবাহী সাতটি গাড়িসহ অন্তত ২০টি গাড়ি।
এতে একজন পুলিশ কর্মকর্তাসহ কয়েকজন আহত হয়েছেন। রাত ১টার দিকে সংঘর্ষের এক পর্যায়ে প্রথম আলোর সাংবাদিক টিপু সুলতান আহত হন। ইটের আঘাতে তার মাথা ফেটে গেছে। স্থানীয় একটি ক্লিনিকে তাকে চিকিৎসা দেওয়া হয়।
গভীর রাতে ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি প্রদীপ চৌধুরী, রিয়াজুল বাশার ও আল আমিন দেওয়ান জানান, নগরীরর বিভিন্ন স্থানে দুই মেয়র প্রার্থীর কর্মীরা রাস্তায় ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে।
এলাকাগুলো হলো- কদমতলী, ব্যাটারি গলি, জামাল খান, টাইগারপাস, ইস্পাহানি মোড়, বৌদ্ধ মন্দির, নূর আহমদ রোড ও জুবিলি রোড।
বিএনপি নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগসহ মহিউদ্দিননের সমর্থকরা বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে।
আওয়ামী লীগ নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক আল আমীন দেওয়ান ও মিন্টু চৌধুরী জানান, ঘটনাস্থলে প্রচুর ভাঙ্গা কাচ পড়ে আছে। প্রচুর সংখ্যক পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে।
তিনি জানান, স্টেডিয়ামের জিমনেশিয়ামে ভোটের ফলাফল ঘোষণার সময় রাত সাড়ে ৯টা থেকে সেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন ও বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মনজুর আলমের কর্মী সমর্থকরা জড়ো হয়।
তারা স্টেডিয়ামের মূল ফটকে জড়ো হতে থাকে। এক পর্যায়ে দুপক্ষের জমায়েত স্টেডিয়াম এলাকা থেকে অনেক দূর ছাড়িয়ে যায়।
দুপক্ষই নিজেদের প্রার্থীর পক্ষে স্লোগান দিচ্ছিল। রাত ১১ টা ১০ মিনিটের দিকে হঠাৎ করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়।
সংঘর্ষের সময় পাথরের আঘাতে পুলিশের এসআই জাহাঙ্গীরসহ কয়েকজন আহত হন।
পরে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
দুপক্ষের মধ্যে সংঘর্ষের আগে নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শামশুল ইসলাম।
র্যাব-৭ এর কমান্ডিং অফিসার সাজ্জাদ হোসেন জানান, র্যাব, আর্মড পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পুরো এলাকা ঘিরে রেখেছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগসহ মহিউদ্দিননের সমর্থকরা স্টেডিয়ামের বাইরে ছাত্রদল, যুবদল ও বিএনপি কর্মীদের ওপর হামলা করেছে। হামলায় তাদের অন্তত ১০ জন আহত হয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি জানান, আহতদের মধ্যে আছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) এর চট্টগ্রাম শাখার সাংগঠনিক সম্পাদক সরোয়ার। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
তবে অভিযোগ অস্বীকার করে মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এনামুল হক দানু বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগসহ তাদের কেউ জড়িত নয়।
রিটানিং কর্মকর্তা জেসমিন টুলী প্রার্থী ও তাদের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আপনারা এমন কিছু করবেন না যাতে আমাকে কঠোর হতে হয়। আমি আফগানিস্তানের মত দেশে কাজ করে এসেছি।"
তিনি আরো বলেন, "আজকের সুন্দর নির্বাচন সবার অর্জন। কেউ তা নষ্ট করবেন না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদকরা জানান, রাত সোয়া ১২টার দিকে মহিউদ্দিন চৌধুরী কর্মী-সমর্থকদের নিয়ে মিছিল সহকারে স্টেডিয়ামে প্রবেশ করেন।
সাড়ে ১২টার দিকে তিনি সেখানে সমাবেশ করেন।
মহিউদ্দিন বলেন, "আমার জীবন থাকতে ভোট ডাকাতি হতে দেব না।"
আগামীকাল শুক্রবার ওয়ার্ডে ওয়ার্ডে অবস্থান নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, ভোট ডাকাতি হলে পুরো চট্টগ্রাম ঘেরাও করে রাখা হবে।
তার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে মহিউদ্দিন রাত ১টা ২০ মিনিটে স্টেডিয়াম ত্যাগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/আরবি/ডিডি/এইচএ/এমএসবি/০২০৭ ঘ.
bdnews24