চাঁদপুর, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কারাবন্দি বিএনপি'র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরে আরো একটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে চাঁদপুরের বিভিন্ন থানা ও আদালতে ১২টি মামলা হয়েছে।
বুধবার বিকালে বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি করেন কচুয়া উপজেলার বালিয়াতলী গ্রামের তাহেরা বেগম।
হাকিম মো. আসাদুজ্জামান নূর আমলে নিয়ে আদালত মামলাটি আমলে নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কচুয়া থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।
কচুয়া আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মহীউদ্দিন খান আলমগীরের গাড়ি ভাংচুরের মামলায় গত ১৪ মার্চ মিলনকে কারাগারে পাঠানো হয়।
২০০৮ সালের ২৯ ডিসেম্বর সংসদ নির্বাচনে এ আসনে আলমগীরের কাছে পরাজিত হন মিলন।
তাহেরা বেগমের মামলায় মিলনসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
বাকি আসামিরা হচ্ছেন- কচুয়া উপজেলার কান্দিরপাড় এলাকার মকসুদ হোসেন, আব্দুল খালেক, মো. হাফেজ, আব্দুল মান্নান, মারুফ আহমেদ, আবদুল মান্নান, বিল্লাল হোসেন, ইব্রাহিম, বাচ্চু মিয়া ও মনির হোসেন।
মামলায় অভিযোগ করা হয়, ২০০২ সালের ৩ জানুয়ারি সকাল ১০টায় কচুয়া উপজেলার বালিয়াতলীতে তার বসতবাড়িতে মিলনের নেতৃত্বে একদল লোক হামলা চালায়। এ সময় তাকেসহ বাড়ির কয়েকজনকে মারধর করে তারা।
মিলনের আইনজীবী কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮টি মামলায় মিলন জামিনে রয়েছেন।
কচুয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল আজম জানান, বৃহস্পতিবার তারা আদালত থেকে পাঠানো তদন্তের নির্দেশনা পেয়েছেন। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২২০৯ ঘ.
bdnews24