রাজশাহী, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শহীদ জিয়াউর রহমান হলে ছাত্রশিবির নিয়ন্ত্রিত চারটি কক্ষ থেকে অস্ত্র ও জিহাদি বই উদ্ধার করেছে পুলিশ।
এর মধ্যে রয়েছে- দুইটি হাসুয়া, একটি রামদা, বেশ কিছু লোহার পাইপ ও রড, জিহাদী বই এবং চার ব্যাগভর্তি ভাঙ্গা পাথর।
বৃহস্পতিবার দুপুরে রুয়েট প্রশাসনের সহায়তায় মতিহার থানা পুলিশ হলের ২১৫, ৩০৬, ৩২১ ও ৩২২ নম্বর কক্ষে অভিযান চালায়।
হল প্রাধ্যক্ষ ড. কামরুজ্জামান বলেন, হলে নতুন করে বরাদ্দ দেওয়ার জন্য বন্ধ কক্ষগুলো তল্লাশি করার সময় এ অস্ত্র পাওয়া যায়।
মতিহার থানার ওসি আবুল খায়ের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৮ ফেব্র"য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের উপর শিবিরের হামলার পর থেকে এসব কক্ষের ছাত্ররা পলাতক ছিলো।
উদ্ধার করা অস্ত্রগুলো পুলিশ হেফাজতে আছে। এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২১৫৭ ঘ.
bdnews24